নিউটন নন, মহাকর্ষ সূত্রের আবিষ্কারক দ্বিতীয় ব্রহ্মগুপ্ত, নতুন দাবি ঘিরে হইচই
বিজ্ঞানী আইজ্যাক নিউটন মহাকর্ষ সূত্রের আবিষ্কার করেছিলেন বলে সারা পৃথিবী জেনে এসেছে। রাজস্থানের বিজেপি সরকারের শিক্ষামন্ত্রী বাসুদেব দেবনানি নতুন কাউকে আমদানি করে আনলেন।
বিজ্ঞানী আইজ্যাক নিউটন মহাকর্ষ সূত্রের আবিষ্কার করেছিলেন বলে সারা পৃথিবী জেনে এসেছে। রাজস্থানের বিজেপি সরকারের শিক্ষামন্ত্রী বাসুদেব দেবনানি নতুন কাউকে আমদানি করে আনলেন। তিনি আর কেউ নন, ভারতীয় গণিতজ্ঞ ও জ্যোতির্বিজ্ঞানী দ্বিতীয় ব্রহ্মগুপ্ত।

দেবনানির দাবি, আইজ্যাক নিউটনের জন্মের ১ হাজার বছর আগে দ্বিতীয় ব্রহ্মগুপ্ত মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছিলেন। আশ্চর্যের এখানেই শেষ নয়, রাজস্থান বিশ্ববিদ্যালয়ের ৭২তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এসে তিনি বিস্ময় প্রকাশ করেন, কেন এই তথ্য বইয়ে অন্তর্ভুক্ত নেই!
রাজস্থানের মন্ত্রীর কথায়, ছোটবেলা থেকে আমরা জেনে আসছি বিজ্ঞানী নিউটন মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছেন। তবে ঘটনা হল ভারতীয় গণিতজ্ঞ এটার আবিষ্কারক। ইতিহাস খুঁজে দেখলে এর সত্যতা জানা যাবে বলে দাবি করেছেন তিনি।
এই নিয়ে তীব্র সমালোচনা শুরু হলেও দমে যাননি রাজস্থানের মন্ত্রীমশাই। উল্টে বলেছেন, তাঁকে সমালোচনা করার আগে ব্রহ্মগুপ্তের বই পড়ে দেখে তারপর মন্তব্য করা উচিত। বিজ্ঞানীরা ব্রহ্মগুপ্তকে নিয়ে যে গবেষণা করেছেন তা সকলের জানা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি।
কিছু ইতিহাসবিদ আংশিকভাবে দেবনানির বক্তব্যকে সমর্থনও করেছেন। ব্রহ্মগুপ্ত ৬২৮ সালে লেখা তাঁর ব্রহ্মস্পুতসিদ্ধান্ত বইয়ে লিখেছেন, "শরীর পৃথিবীর দিকে ঝুঁকে পড়ে। কারণ এটা পৃথিবীর ধরন। ঠিক যেভাবে জলের প্রকৃতি হল বাহিত হওয়া।" বলেছেন রাজস্থান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান কেজি শর্মা। অর্থাৎ ব্রহ্মগুপ্ত মহাকর্ষের ধারণা সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কি ব্রহ্মগুপ্তের ভাবনাকেই নতুন রূপ দিয়ে ব্যাখ্যা করেছিলেন নিউটন? সেই প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে।












Click it and Unblock the Notifications