Benjamin Netanyahu: "ইহুদি-বিদ্বেষী সিদ্ধান্ত, ফল ভালো হবে না," গ্রেফতারি পরোয়ানা নিয়ে হুঁশিয়ারি নেতানিয়াহুর
Benjamin Netanyahu: গাজায় যুদ্ধপরাধ ও মানবতা লঙ্ঘনের দায়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant) জারি করেছে আন্তর্জাতিক ফৌজদারি আদালত। কয়েক ঘণ্টা পেরোতে না পেরোতেই ভিডিও বার্তায় পাল্টা আদালতকে দুষলেন নেতানিয়াহু। গ্রেফতারি পরোয়ানাকে 'ইহুদি-বিদ্বেষী' (Anti-Jewish) সিদ্ধান্ত বলে তোপ দাগলেন তিনি।
ওয়ারেন্ট জারি হয়েছে ইজরায়েলের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইওয়াব গালান্ট, হামাস সেনাপ্রধান মহম্মদ দেইফের বিরুদ্ধেও। অফিসিয়াল এক্স হ্যান্ডেলে নেতানিয়াহু একটি ভিডিও বার্তা শেয়ার করেন। নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক ফৌজদারি আদালতকে (ICC) তোপ দেগে ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, "ইহুদি-বৈরিতা থেকে নেওয়া আদালতের এই সিদ্ধান্ত একালের ড্রেফাস ট্রায়াল। এটাও মিথ্যে প্রমাণিত হবে।"

কী এই ড্রেফাস ট্রায়াল?
১৮৯৪ থেকে ১৯০৬ সালের মাঝে ফ্রান্সে রাজনৈতিক ও বিচারবিভাগীয় ব্যবস্থার উপর বিরাট প্রশ্ন তুলে দিয়েছিল আলফ্রেড ড্রেফাসের মামলা (Dreyfus Trial)। ইহুদি ফরাসি সেনাকর্মী আলফ্রেড ড্রেফাসের বিরুদ্ধে জার্মানিকে গোপনে সামরিক তথ্য পাচারের অভিযোগ এনেছিল ফৌজদারি আদালত। ১৮৯৪ সালে তাঁকে জেলবন্দি করা হয়। অথচ ১৯০৬ সালে বেকসুর প্রমাণিত হয়ে তিনি ছাড়া পান।
শুধুমাত্র ইহুদি বিদ্বেষের কারণে আলফ্রেড ড্রেফাসকে জেলে পাঠানো হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই প্রসঙ্গ টেনেই এদিন ভিডিও বার্তায় সরব হন ইজরায়েলের প্রধানমন্ত্রী। নেতানিয়াহু বলেন, "ফের একই ভুলের পথে হাঁটছে আন্তর্জাতিক ফৌজদারি আদালত। মিথ্যেভাবে আমাকে দোষীসাব্যস্ত করা হচ্ছে। জনতার রায়ে নির্বাচিত প্রধানমন্ত্রী-সহ ইজরায়েলের মন্ত্রীদের বিরুদ্ধে ইচ্ছাকৃত (Deliberate) অভিযোগ আনা হচ্ছে।"
নেতানিয়াহুর বিরুদ্ধে আরএও অভিযোগ এনেছে আন্তর্জাতিক ফৌজদারি আদালত। তাদের দাবি, গাজায় খাবার, পানীয় জল, এমনকি মেডিক্যাল সরঞ্জাম পর্যন্ত পাঠাতে দেননি ইজরায়েলের প্রধানমন্ত্রী। এর ফলে প্রচুর নারী ও শিশু-সহ বহু মানুষ মারা গিয়েছে। মানবতার (Humanity) বিরুদ্ধে এটি চরমতম অপরাধ বলে বর্ণনা করেছে আদালত।
The antisemitic decision of the international court in The Hague is a modern Dreyfus trial, and it will end the same way. pic.twitter.com/e1l8PMghrB
— Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) November 21, 2024
এদিন সেইসব অভিযোগ নস্যাৎ করে পাল্টা নেতানিয়াহুর দাবি, "গাজায় নাগরিকদের জন্য ৭ লক্ষ টন খাবার পাঠিয়েছে ইজরায়েল। সেই খাবার লুঠ করেছে হামাসের জঙ্গিরা। ইচ্ছাকৃত গাজাবাসীকে অনাহারে ঠেলে দিয়েছে হামাস (Hamas)।" আন্তর্জাতিক ফৌজদারি আদালতের অভিযোগ ভিত্তিহীন বলে জানান বেঞ্জামিন নেতানিয়াহু।
ভিডিও বার্তার শেষে হুঁশিয়ারিও দিয়েছেন নেতানিয়াহু। আদালতের সিদ্ধান্তে যে বা যারা স্বাগত জানাচ্ছেন, তাদের চরম পরিণতি ভুগতে হবে বলে হুঁশিয়ারি দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। হামাস, হিজবুল্লা ও হুতিদের ইজরায়েলে হামলা চালানোর ইন্ধন জোগানোর অভিযোগ তুলে ইরানকেও (Iran) তুলোধনা করেন নেতানিয়াহু। গাজায় যুদ্ধকে বর্বরতা ও স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই বলেও এদিন দাবি করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।












Click it and Unblock the Notifications