ওবামার ডাকে সাড়া দিয়ে সেপ্টেম্বরে আমেরিকা যাচ্ছেন নরেন্দ্র মোদী

নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো এবং তাঁর আমেরিকা সফর খুবই তাৎপর্যপূর্ণ। কারণ ২০০২ সালে গোধরা দাঙ্গার পর তাঁকে কার্যত বয়কট করেছিল আমেরিকা। বিভিন্ন সময় মার্কিন মুলুক থেকে অনাবাসী গুজরাতিরা নরেন্দ্র মোদীকে নিমন্ত্রণ জানালেও তিনি যেতে পারেননি। কারণ আমেরিকা ইচ্ছাকৃতভাবে তাঁকে ভিসা দেয়নি। অথচ ইতিহাসের এমন করুণ পরিহাস, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরই যেচে শুভেচ্ছা জানায় আমেরিকা। গতকাল রাষ্ট্রপতি বারাক ওবামার দূত তথা মার্কিন বিদেশ দফরের উপ সচিব উইলিয়াম বার্নস দেখা করেন অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে। তাঁর হাতে তুলে দেন বারাক ওবামার আমন্ত্রণপত্র। অরুণ জেটলির হাত ঘুরে তা পৌঁছে যায় নরেন্দ্র মোদীর কাছে। তিনি গ্রহণ করেন সেই আমন্ত্রণ।
সেপ্টেম্বরে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার অধিবেশন বসবে নিউ ইয়র্কে। ওই অধিবেশনে যোগ দিতে যাওয়ার কথাই ছিল নরেন্দ্র মোদীর। এ বার তার পাশাপাশি তিনি বারাক ওবামার সঙ্গে বৈঠকও সেরে আসবেন।
উইলিয়াম বার্নস বলেন, "পৃথিবীর দুই বড় গণতান্ত্রিক দেশ হল ভারত ও আমেরিকা। তারা বড় আর্থিক শক্তিও বটে। তাদের স্বার্থ পরস্পরের পরিপূরক। এই দুই শক্তি এক সঙ্গে কাজ করলে একটা নিরাপদ পৃথিবী সুনিশ্চিত করা সম্ভব হবে। ভারতের প্রধানমন্ত্রীর আমেরিকা সফরের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছেন আমাদের রাষ্ট্রপতি। সেপ্টেম্বরে নতুন ইতিহাস রচনা হবে বলে আমরা আশা করছি।"তিনি জানান, ওই সফরে বাণিজ্য, সাংস্কৃতিক আদানপ্রদান এবং সামরিক বিষয় নিয়ে আলোচনা করবেন দুই রাষ্ট্রনায়ক। বারাক ওবামা ছাড়াও রাষ্ট্রসঙ্ঘে অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ করবেন নরেন্দ্র মোদী।












Click it and Unblock the Notifications