অনেক 'ফাউন্ডিং ফাদারস'! বঙ্গবন্ধু জাতির জনক নন, দাবি নতুন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার উপদেষ্টার
Bangladesh News: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক মনে করা হয় না। এমনটাই মন্তব্য করলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তাঁর কথায়, নতুন বাংলাদেশ তৈরির কাজ চলছে। সেক্ষেত্রে ইতিহাসের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি আনার কথা বলেন নাগিদ।
শুধু তাই নয়, ঐতিহাসিক ৭ মার্চ থেকে ১৫ আগস্ট সহ আটটি গুরুত্বপূর্ণ জাতীয় দিবস অন্তর্বর্তী সরকার বাতিল করতে চলেছে বলে সে দেশের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। আর এহেন সিদ্ধান্ত ঘিরেই সে দেশে (Bangladesh News) শুরু হয়েছে নয়া বিতর্ক। সাংবাদিক বৈঠকে এদিন নাহিদ ইসলাম আওয়ামী লীগ ফ্যাসিস্ট দল হিসাবেও আক্রমণ শানান।

বলেন, ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এমনকি ভোটের অধিকার কেড়ে নিয়ে, মানুষকে খুন করে আবার কখনও গণহত্যা করে বাংলাদেশের ক্ষমতায় শেখ হাসিনা ছিল বলেও তোপ দাগেন। ফলে কাকে জাতির পিতা কারা বলল এবং কোন দিবসকে জাতীয় দিবস হিসাবে ঘোষণা করা হল তাতে কিছু যে কিছু যায় আসে না তা কার্যত এদিন স্পষ্ট করে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারেরর গুরুত্বপূর্ণ এই উপদেষ্টা।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টার কথায়, বাংলাদেশকে নতুনভাবে গঠন করা হচ্ছে। ফলে পুরানোর ধারাবাহিকতা এখানে থাকবে। এক্ষেত্রে ইতিহাসের প্রতি আমাদের নতুন দৃষ্টিভঙ্গি আনার কথা বলেন নাহিদ ইসলাম। এক্ষেত্রে বঙ্গবন্ধুকে জাতির জনক মনে করা হয় কিনা এই প্রশ্নের উত্তরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ''আমরা মনে করি না বঙ্গবন্ধু জাতির জনক''।
এই বিষয়ে তাঁর যুক্তি, ভূখণ্ডের লড়াইয়ের ইতিহাসে বহু মানুষের অবদান রয়েছে। বাংলাদেশের ইতিহাস শুধুমাত্র ৫২-তেই শুরু হয়নি, ব্রিটিশবিরোধী লড়াই থেকে '৪৭ ও '৭১-এর লড়াই আছে, '৯০ ও '২৪ আছে। ফলে বাংলাদেশ গঠনের ক্ষেত্রে অনেক 'ফাউন্ডিং ফাদারস' রয়েছে বলে মন্তব্য নাহিদেরর। এমনকি দীর্ঘ এই লড়াইয়ে স্বাধীনতা এসেছে বলেও মন্তব্য।
এক নজরে কি কি দিবস বাতিল হচ্ছে?
- ঐতিহাসিক ৭ মার্চ
- ১৭ মার্চ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস
- ৫ আগস্ট: শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী
- ৮ আগস্ট: শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী
- ১৫ আগস্ট: বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস
- ১৮ অক্টোবর: শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস
- ৪ নভেম্বর: জাতীয় সংবিধান দিবস
- ১২ ডিসেম্বর: স্মার্ট বাংলাদেশ দিবস












Click it and Unblock the Notifications