Bangladesh: শুল্ক চাপতেই নাজেহাল অবস্থা ইউনূসের! ট্রাম্পকে চিঠি লিখে কাতর আর্তি, সাড়া মিলবে?
Bangladesh: বাংলাদেশের উপর ৩৭ শতাংশ হারে পারস্পারিক শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। আর তাতেই হাল খারাপ ইউনূসের। এবার শুল্ক নিয়ে ট্রাম্পের দ্বারস্থ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস। শুল্ক নিয়ে ট্রাম্পকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আর্জি মহম্মদ ইউনূসের।
বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর ৩৭ শতাংশ শুল্ক বসিয়েছে আমেরিকা। যার জেরে বাংলাদেশের মূল বস্ত্রশিল্প ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা। এমতাবস্থায় তিন মাসের জন্য সেই শুল্ক পিছিয়ে দেওয়া হোক বলে ওয়াশিংটনকে আবেদন জানিয়েছে ঢাকা। আমেরিকা থেকে পণ্য আমদানি বৃদ্ধি করতে পর্যাপ্ত সময় চেয়েছেন ইউনূস।

স্রেফ তাই নয়, ট্রাম্পকে চিঠি লিখে ইউনূস আরও আবেদন জানিয়েছেন বলে সূত্রের খবর। বাংলাদেশে আমেরিকার রপ্তানিকৃত পণ্যে শুল্কে ৫০ শতাংশ ছাড় দেওয়ার অনুরোধ জানিয়েছেন ইউনূস। ন্যূনতম ১০ থেকে শুরু করে সর্বোচ্চ ৪৯ শতাংশ, এর মধ্যেই রয়েছে ট্রাম্পের ঘোষিত শুল্কের মাত্রা। সেখানে বাংলাদেশে কার্যত অনেকটাই শুল্কের বোঝা চাপিয়ে দিয়েছে আমেরিকা।
ভারতের উপর ২৬ শতাংশ হারে শুল্ক বসিয়েছেন ট্রাম্প। বন্ধু মোদীর দেশকে বাকি এশীয় দেশগুলির তুলনায় কম শুল্কের আওতাতেই ফেলেছেন ট্রাম্প। এছাড়া চিনের উপর ৩৪ শতাংশ, ইউরোপীয় ইউনিয়নের উপর ২০ শতাংশ, দক্ষিণ কোরিয়ার উপর ২৫ শতাংশ, জাপানের উপর ২৪ শতাংশ ও তাইওয়ানের উপর ৩২ শতাংশ হারে শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। ঘোষণার পর এসংক্রান্ত নির্বাহী আদেশনামায় সইও সেরে ফেলেন ট্রাম্প।
আমেরিকার এই বাণিজ্য অভিসন্ধিকে পূর্ণ সমর্থন করার কথাও চিঠিতে লিখে জানিয়েছেন ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ট্রাম্পকে চিঠিতে আরও বলেন, "আপনার মসনদে বসার পরই প্রতিনিধি পাঠিয়েছিলাম আমরা। বাংলাদেশই প্রথম দেশ, যারা দেশের বাজারে আমেরিকার রপ্তানিকৃত পণ্যের মাত্রা বাড়াতে চেয়েছিল। আগামী ত্রৈমাসিকের মধ্যে সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। কিন্তু তার জন্য প্রয়োজন কিছু সময়। "
বাংলাদেশে রপ্তানিকৃত পণ্যের মধ্যে ৮০ শতাংশই বস্ত্রশিল্প। গত বছর বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থার জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় দেশের টেক্সটাইল কারাখানাগুলি। বস্ত্রশিল্পে ভাটার মাঝেই আমেরিকার শুল্ক আরোপ চিন্তা বাড়িয়েছে ইউনূস প্রশাসনের। শুল্ক আরোপের পর থেকেই বাংলাদেশের শেয়ার বাজার ৩১ পয়েন্ট পড়েও গিয়েছে।












Click it and Unblock the Notifications