Sheikh Hasina: ৫০০ কোটি ডলার আত্মসাৎ! শেখ হাসিনা-সহ তাঁর পরিবারের বিরুদ্ধে বড় দুর্নীতির অভিযোগ বাংলাদেশের
Bangladesh: শেখ হাসিনার বিরুদ্ধে এবার ৫০০ কোটি ডলারের দুর্নীতির (5 billion corruption) অভিযোগ আনল মহম্মদ ইউনূসের সরকার। খুনের মামলার পর এবার হাসিনার (Sheikh Hasina) বিরুদ্ধে দুর্নীতির মামলার তদন্ত বাংলাদেশের সরকারের। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ তাঁর পরিবারের বিরুদ্ধে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পে ৫০০ কোটি ডলার আত্মসাতের অভিযোগ।
বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ (Rooppur Nuclear Plant) কেন্দ্র নির্মাণের বরাত পেয়েছিল রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা রসাটম। ভারতের বিভিন্ন কোম্পানিও ছিল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের দায়িত্বে। রাজধানী ঢাকা থেকে প্রায় ১৬০ কিমি পশ্চিমে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ চলছে। তাতেই ৫০০ কোটি ডলার আত্মসাতের অভিযোগ উঠেছে হাসিনা-সহ তাঁর পরিবারের বিরুদ্ধে।

শেখ হাসিনা ছাড়াও তাঁর ছেলে সাজিব ওয়াজিদ জয়, ভাইঝি টিউলিপ সিদ্দিকীকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশের সরকার। দুদিন আগেই বাংলাদেশের হাইকোর্ট (Bangladesh High court) এসংক্রান্ত একটি রায়ে দুর্নীতি দমন কমিশনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিল।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৫০০ কোটি ডলার হাতিয়ে তা মালয়েশিয়ার ব্যাঙ্কে পাচার করা হয়েছিল বলে অভিযোগ। হাসিনা-সহ তাঁর ছেলে ও ভাইঝির ওই লেনদেনকে কেন বেআইনি ঘোষণা করা হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছিল হাইকোর্ট।
দুর্নীতির অভিযোগ প্রথম প্রকাশ্যে এনেছিলেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ। হাসিনার বিরুদ্ধে দুর্নীতির তদন্তে ৫ সদস্যের কমিশন গঠন করেছে বাংলাদেশের সরকার। মোট ১ হাজার ২৬৫ কোটি ডলারের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে ৫০০ কোটিই আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ হাসিনা-সহ তাঁর পরিবারের বিরুদ্ধে।
প্রসঙ্গত, হাসিনাকে ফেরাতে সোমবারই ভারতকে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। বিচার প্রক্রিয়া শুরু করতেই হাসিনার প্রত্যর্পণ দাবি করেছে ইউনূসের সরকার। চিঠিক প্রাপ্তিস্বীকার করেছে ভারতের বিদেশমন্ত্রক। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এনিয়ে এখনই কোনও মন্তব্য করতে নারাজ নয়াদিল্লি।
গত ৫ অগাস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আসেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে ভারতের আশ্রয়েই রয়েছেন তিনি। বাংলাদেশে ১৬ বছরের হাসিনা অধ্যায় শেষ করে অন্তর্বর্তী সরকার গড়েছেন শান্তিতে নোবেলজয়ী মহম্মদ ইউনূস। হাসিনা-সহ আওয়ামী লিগের সরকারের একাধিক মন্ত্রী, উপদেষ্টা ও প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল।












Click it and Unblock the Notifications