'অশুভ শক্তি' রাষ্ট্রীয় ক্ষমতায় আর নয়! বাংলা নববর্ষে আর কী বললেন শেখ হাসিনা
দেশের ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতির ক্ষেত্রে বাধা সৃষ্টিকারী কোনও অশুভ শক্তি যাতে আর রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে, এ ব্যাপারে সজাগ থাকতে হবে। বাংলা নববর্ষের দেশবাসীর প্রতি এমনই আহ্বান জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেছেন, তাঁরা বাঙালি, বাংলাদেশ তাঁদের দেশ এবং বাংলা তাদের ভাষা। বঙ্গবন্ধুর এই বক্তব্য তাঁদেরকে সবসময়ই স্মরণ করতে হবে। ফলে কোনও অশুভ শক্তি যাতে আর ক্ষমতায় আসতে না পারে, সেবিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার তাঁর সরকারি বাসভবন গণভবনে দলের নেতা-কর্মীদের সঙ্গে বাংলা নববর্ষ-এর শুভেচ্ছা বিনিময়ের সময় একথা বলেছেন।
দেশ-বিদেশের বাঙালিদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে নববর্ষ উদ্যাপন একটি সর্বজনীন উৎসব। তিনি আরও বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই একাত্ম হয়ে এই উৎসব একসঙ্গে উদ্যাপন করেন। এমনকি প্রবাসে বসবাসকারী বাঙালিরাও উদ্যাপন করেন। এমনকি গ্রাম পর্যায়েও এই উৎসব উদ্যাপন হয়। কারণ এখানে সবাই খুব মন খুলে একাত্ম হয়ে উৎসব উদ্যাপন করতে পারেন।
প্রধানমন্ত্রী বলেছেন, এ উৎসব উদ্যাপনে যত বাধাই আসুক, বাঙালি কখনও কোনও বাধা মানেনি। এ জাতি বাধা ভাঙতে জানে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেছেন, এই উপমহাদেশে ভাষাভিত্তিক রাষ্ট্র শুধু বাংলাদেশ। ফলে এখানে নববর্ষের উৎসব ভিন্ন মাত্রা পায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবাই মন খুলে একাত্ম হয়ে যাতে এই উৎসব পালন করতে পারে, তার জন্য তাঁর সরকার বৈশাখী ভাতার ব্যবস্থা করেছে। সরকারি ও বেসরকারি সেক্টরে এখন এ ভাতা চালু হয়েছে।
প্রধানমন্ত্রীর অভিযোগ, পাকিস্তান আমালে বাংলাদেশি সংস্কৃতি ও মূল্যবোধের বিরুদ্ধে দীর্ঘ ষড়যন্ত্র ছিল। '৭৫-এর ১৫ অগাস্টে বঙ্গবন্ধুকে হত্যার পর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিল, তাদের অনেকে বাঙালির বর্ষবরণে বাধা দিয়েছিল। তিনি আরও বলেন, ১৯৯২ সালে ১৪০০ বঙ্গাব্দকে বরণ করতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু সেখানে তৎকালীন খালেদা জিয়া সরকার বাধা দেয়। তারা কবি সুফিয়া কামালকে নিয়ে সেসব বাধা উপেক্ষা করে রমনা পার্কে অনুষ্ঠান করে নতুন শতাব্দীকে বরণ করেন।












Click it and Unblock the Notifications