ভাঙচুর-বিস্ফোরণে চলছে বাংলাদেশে তৃতীয় দিনের ধর্মঘট

নির্দলীয় সরকারের তত্ত্বাবধানে নির্বাচনের দাবীতে বিএনপির ডাকা তৃতীয় পর্যায়ের ধর্মঘটের তৃতীয় দিনে রাজধানীর রাস্তায় বিক্ষিপ্তভাবে চলল ভাঙচুর, বিস্ফোরণ।
রবিবার সকাল থেকে শুরু হয়ে বুধবার সন্ধ্যে ৬ টা পর্যন্ত এই অবরোধ চলার কথা। প্রথমে বিএনপি নেতৃত্ব ৭২ ঘণ্টার বাংলাদেশ বনধ কর্মসূচির কথা ঘোষণা করলেও পরে দলের পাঁচ প্রবীন নেতাকে গ্রেফতারের প্রতিবাদে ধর্মঘটের সময়সীমা আরও ১২ ঘন্টা বাড়িয়ে দেওয়া হয়।
বিক্ষোভকারীদের গ্রেফতার করতে ব্যর্থ পুলিশ
মঙ্গলবার সকালে রাজধানীর ওয়ারিতে মিছিল করে রাস্তা অবরোধ করে বিএনপি। স্বভাবতই এই বনধে স্বাবাবিক জীবনযাপন ব্যাহত হয়। অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছোঁড়ে। মালিবাগ চৌধুরি পাড়ায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চালায় একদল। যাত্রাবাড়িতে বিবির বাগিচা এলাকায় ছাত্রশিবির মিছিল করার সময় একাধিক যানবাহনে ভাঙচুর চালানো হয় বলেও খবর পাওয়া গিয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গেও পুলিসের খণ্ডযুদ্ধ বাধে। এই ঘটনায় যদিও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীজুড়ে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকা ও রাস্তার মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এমনকী কিছু আশঙ্কাপ্রবণ এলাকায় বিজিবি, আধা সামরিক বাহিনী ও পুলিশের বিশেষ দল পরিস্থিতির উপর নজর রাখছে।
গত দুদিনের চেয়ে এদিন গণপরিবহণ ব্যবস্থা কিছুটা হলেও সচল ছিল। তবে প্রয়োজনের তুলনায় তা অনেকই কম। ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী কম থাকায় নির্দিষ্ট সময়ের অনেক পরে ছাড়ছে ট্রেন ও লঞ্চগুলি।












Click it and Unblock the Notifications