Bangladesh: ইউনূসকে ঢাল করে বাংলাদেশে কলকাঠি নাড়ছে জামায়াতে ইসলামী! চিন্ময় প্রভুর গ্রেফতারি নিয়ে বড় প্রশ্ন
Bangladesh Interim Govt: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তিন মাস পেরিয়ে গিয়েছে। শান্তি ফেরানোর বার্তা দিলেও ইউনূস সরকারের আমলে উল্টে অত্যাচার বেড়েছে হিন্দু-সহ সেদেশের অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে। কেন পরিস্থিতি বাগে আনতে পারছেন না শান্তিতে নোবেলজয়ী ইউনূস (Muhammad Yunus)? এনিয়ে এবার বিস্ফোরক পড়শি দেশের গোয়েন্দারা।
বাংলাদেশের শীর্ষ গোয়েন্দা আধিকারিকদের মতে, অন্তর্বর্তী সরকারের উপর ক্রমশ চাপ বাড়াচ্ছে জামায়াতে ইসলামী (Bangladesh Jamaat-e-Islami)। অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের হয়ে কলকাঠি আদতে জামায়াতে ইসলামীই নাড়ছে বলে বিস্ফোরক দাবি সেদেশের গোয়েন্দা মহলের। এভাবে মৌলবাদীরা নিজেদের স্বার্থসিদ্ধি করছে বলেও দাবি।

ইউনূস সরকার আসার পর অন্তত ২০০টি জায়গায় হিন্দুদের উপর আক্রমণ (Violence on Hindus) চালানো হয়েছে। আর এবার ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস (Chinmoy Krishna Das) প্রভুর গ্রেফতারির পর ইউনূসের সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলছে আন্তর্জাতিক বিভিন্ন মহল। সূত্রের দাবি, সরকারে জামায়াতে ইসলামীর সদস্যদের রাখতে বাধ্য করা হয়েছে মহম্মদ ইউনূসকে।
সাধারণ নির্বাচনে ১০ শতাংশেরও কম ভোট পেলেও হাসিনা সরকারের পতনের পর থেকেই অন্তর্বতী সরকারের উপর প্রভাব খাটাচ্ছে জামায়াতে ইসলামী। ক্ষমতা নেওয়ার পর গত অগাস্টে জামায়াতে ইসলামীর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় ইউনূসের সরকার। ইসকনকে হাতিয়ার করে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর দমন পীড়ন চালিয়ে জামায়াতে ইসলামী ইসলামিক রাষ্ট্র গড়ার প্রয়াস নিচ্ছে বলে বিস্ফোরক দাবি গোয়েন্দা মহলের।
বাংলাদেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানও জড়িয়ে রয়েছে জামায়াতে ইসলামীর সঙ্গে। সংগঠনের কার্যকলাপে অর্থনৈতিক সহায়তা প্রদান করে সংস্থাগুলি। একাধিক আর্থিক তছরুপেরও অভিযোগ রয়েছে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে। গোয়েন্দা মহলের একাংশের দাবি, ইউনূসকে একাধিক পদক্ষেপ নিতে বাধ্য করছে জামায়াতে ইসলামীর নেতৃত্ব।
বাংলাদেশে গত সোমবার ২৫ নভেম্বর ঢাকা বিমানবন্দর থেকে রাষ্ট্রদোহিতার দায়ে চিন্ময় প্রভুকে গ্রেফতার করে ঢাকার পুলিশ। জামিনের আবেদনও খারিজ করা হয়। হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদের নেতৃত্বে ছিলেন চিন্ময় প্রভু। বাংলাদেশে হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। চিন্ময়ের গ্রেফতারির প্রতিবাদের আঁচ এসে পৌঁছেছে এদেশেও।












Click it and Unblock the Notifications