USAID-এর অনুদান ২৯ মিলিয়ন নিয়ে শিরোনামে বাংলাদেশ, ‘আমাদের রেকর্ডে অস্তিত্ব নেই’ দাবি পূর্ববঙ্গের
যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহায়তা সংস্থা ইউএসএআইডির (USAID) অনুদান বিতরণ নিয়ে বিতর্কের মধ্যে এবার নাম জড়াল বাংলাদেশের। বাংলাদেশ সরকার বলেছে, ২৯ মিলিয়ন ডলারের কোনো তহবিল তাদের রেকর্ডে নেই।
গত ১৬ ফেব্রুয়ারি, ইলন মাস্কের নেতৃত্বাধীন মার্কিন 'ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি' (DOGE) তাদের বাজেট সংস্কারের অংশ হিসেবে ৭২৩ মিলিয়ন ডলার বৈদেশিক সাহায্য কমানোর ঘোষণা দেয়। এই কাঁটছাঁটের মধ্যে ভারতের জন্য ২১ মিলিয়ন ডলার এবং বাংলাদেশের জন্য ২৯ মিলিয়ন ডলারের অনুদান অন্তর্ভুক্ত ছিল।

ভারতের ক্ষেত্রে মূলত 'ভোটারদের উপস্থিতি বৃদ্ধি' প্রকল্পে ব্যয় হওয়ার কথা উল্লেখ করেছিল মার্কিন প্রশাসন। যা নিয়ে কম ঝড় ওঠেনি ভারত-আমেরিকা সম্পর্কে। এখনও এই ২১ মিলিয়ন নিয়ে বিতর্ক রয়েছে দুই দেশের মধ্যে। আর এবার নতুন করে বিতর্ক শুরু হল বাংলাদেশের ২৯ মিলিয়ন নিয়ে।
বাংলাদেশ সরকারের এনজিও বিষয়ক ব্যুরোর ডিরেক্টর অফ জেনারেল মোঃ আনোয়ার হোসেন বলেছেন, "আমাদের রেকর্ডে এই পরিমাণ অর্থের অস্তিত্ব নেই"। তিনি আরও জানান, "যদি ইউএসএআইডি কোনো এনজিওর মাধ্যমে অর্থ বিতরণ করে, তবে আমরা সেটি শনাক্ত করতে পারতাম। কিন্তু আমাদের এনজিও বিষয়ক রেকর্ডে এমন কোনো তথ্য নেই"।
তবে তিনি নিশ্চিত করেন যে, বাংলাদেশে ৭৫টিরও বেশি এনজিও মার্কিন সাহায্য সংস্থা থেকে অনুদান পেয়ে থাকে, যা সরাসরি সরকারি চ্যানেলের মাধ্যমে আসে।
অন্যদিকে, ইউএসএআইডির তহবিল কমানোর ঘোষণা ভারতে রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছে। ডোনাল্ড ট্রাম্প এই অনুদানকে ''নির্বাচনী হস্তক্ষেপ'' বলে দাবি করেন এবং এই তহবিলের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন।
এদিকে, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বিষয়টি ''উদ্বেগজনক'' বলে মন্তব্য করেছেন এবং কেন্দ্রীয় সরকার এটি তদন্ত করছে বলে জানিয়েছেন। তবে, বিরোধী দল কংগ্রেস বিজেপিকে ''মিথ্যাবাদী'' আখ্যা দিয়ে অভিযোগ তুলেছে যে, সরকার আসলে আমেরিকান সাহায্য সংস্থাগুলোর কার্যক্রম ঢেকে রাখার চেষ্টা করছে।
আপাতত ভারতের বিষয়টি কেন্দ্র বুঝে নিচ্ছে। কিন্তু বাংলাদেশ সরকার স্পষ্টভাবে জানিয়েছে, ২৯ মিলিয়ন ডলারের অনুদান তাদের কাছে পৌঁছায়নি এবং এর কোনো রেকর্ড নেই। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই বিতর্ক বৈদেশিক সহায়তা গ্রহণের স্বচ্ছতা ও তহবিল ব্যবস্থাপনার ওপর নতুন করে একাধিক প্রশ্ন তুলে দিল।












Click it and Unblock the Notifications