Bangladesh: বাংলাদেশের তারকা ক্রিকেটারের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ! আওয়ামি সাংসদ হওয়াতেই রোষানলে?
Bangladesh: বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই আওয়ামি লিগের নেতা মন্ত্রীদের উপর অকথ্য অত্যাচার শুরু করেছে ইউনূসের প্রশাসন। আর এবার আওয়ামি লিগের প্রাক্তন সাংসদ তথা বাংলাদেশের তারকা ক্রিকেটার শাকিব আল হাসানের বিরুদ্ধে বড় নির্দেশ ঢাকার এক আদালতের। চেক প্রতারণার মামলায় শাকিবের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিলেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান।
ঘটনাচক্রে ২৪ মার্চ, এদিনই শাকিব আল হাসানের জন্মদিন। সেদিনই একেবারে অপ্রত্যাশিত খবর শুনলেন শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ। আদালত সূত্রে খবর, প্রায় ৪ কোটি ১৫ লক্ষ টাকার চেক প্রতারণার মামলায় গত ১৯ জানুয়ারি শাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। সেই মতো ২৪ মার্চ অর্থাৎ সোমবারের শুনানিতে গ্রেফতারি পরোয়না সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দেন।

তবে এদিনে আদালতে পুলিশ জানিয়ে দেয়, আসামীকে গ্রেফতার করা যায়নি। বিদেশ থেকে ফিরতে পারেনি শাকিব। এরপর তারকা ক্রিকেটারের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেয় আদালত। ওই বিপুল পরিমাণ টাকার চেক প্রতারণার অভিযোগে গত ১৫ ডিসেম্বর শাকিব আল হাসান-সহ চারজনের বিরুদ্ধে মামলা করেন আইএফআইসি ব্যাঙ্কের জনসংযোগ আধিকারিক সাহিবুর রহমান। সেদিনই শাকিব-সহ চারজনকে আদালতে হাজিরার নির্দেশ দেন বিচারক।
ঠিক কীভাবে ঘটেছিল চেক প্রতারণা?
সূত্রের খবর, শাকিবের মালিকানাধীন সংস্থা অ্যাগ্রো ফার্ম ব্যবসার জন্যে আইএফআইসি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিল। বনানী ব্রাঞ্চ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন অঙ্কের ঋণ নেওয়া হয়। এই ঋণের পরিবর্তে সংস্থার তরফে দুটি চেক ইস্যু করা হয়। চেক দুটির মোট অঙ্ক ছিল আনুমানিক ৪ কোটি ১৫ লক্ষ টাকা। কিন্তু ওই চেক ভাঙাতে গেলে দেখা যায়, অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্সই নেই। ফলে দুটি চেকই বাউন্স করে।
এরপর ব্যাঙ্কের তরফে শাকিবকে আইনি নোটিস পাঠানো হয়েছিল। তবে ৩০ দিন পেরিয়ে গেলেও কোনও উত্তর না মেলায় আদালতে মামলা গড়ায়। গ্রেফতারি পরোয়না জারি হলেও অধরা শাকিব। আর তাই সোমবার শাকিবের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিল আদালত।












Click it and Unblock the Notifications