তারেক রহমানের শপথে মোদীকে আমন্ত্রণ বাংলাদেশের, ঢাকায় কি যাবেন ভারতের প্রধানমন্ত্রী?
বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনায় কূটনৈতিক বার্তা,১৭ ফেব্রুয়ারি ঢাকায় শপথ নেবেন তারেক রহমান। এই ঐতিহাসিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একাধিক আঞ্চলিক নেতাকে। কূটনৈতিক সূত্রের খবর, ঢাকার পক্ষ থেকে নয়াদিল্লিকে ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে পরিকল্পনার কথা জানানো হয়েছে, যদিও এ বিষয়ে এখনও সরকারি নিশ্চিতকরণ মেলেনি।
তারেক রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জানিয়েছে, ভারত ছাড়াও আমন্ত্রণ গেছে চিন, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটান এর মতো দেশগুলিতে। আঞ্চলিক কূটনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দেখছেন পর্যবেক্ষকরা।

মোদীর সফর নিয়ে সংশয় তবে ১৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক নির্ধারিত থাকায় প্রধানমন্ত্রী মোদীর ঢাকা সফর অনিশ্চিত বলেই ইঙ্গিত মিলছে। সূত্রের মতে, সেক্ষেত্রে নয়াদিল্লির তরফে কোনও শীর্ষ সরকারি প্রতিনিধি শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।
শুক্রবার ফোনালাপে তারেক রহমানকে নির্বাচনী জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। দুই প্রতিবেশী দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে যৌথ অঙ্গীকারের বার্তাও দেন।
গত বৃহস্পতিবার ৩০০টির মধ্যে ২৯৯টি আসনে অনুষ্ঠিত বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে (দুটি আসনের ফল স্থগিত) নিরঙ্কুশ সাফল্য পায় বিএনপি। ঘোষিত ২৯৭টি আসনের মধ্যে ২০৯টিতে জয় পেয়ে প্রায় দুই দশক পর ক্ষমতায় ফেরার পথ প্রশস্ত করে দলটি। দ্বিতীয় বৃহত্তম শক্তি হিসেবে উঠে আসে জামায়াতে ইসলামী বাংলাদেশ, যারা পেয়েছে ৬৮টি আসন।
প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারেনি। ভোটের হার ছিল ৫৯.৪৪ শতাংশ।
দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা ও ভঙ্গুর নিরাপত্তা পরিস্থিতির মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ছাত্র আন্দোলন-উদ্ভূত অস্থিরতার জেরে ২০২৪ সালের অগাস্টে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটে। সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগসহ নানা ইস্যুতে দেশ বিদেশে উদ্বেগ তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটে এই ভোট ও নতুন সরকারের শপথ ঘিরে কূটনৈতিক তৎপরতা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে করছেন বিশ্লেষকরা।












Click it and Unblock the Notifications