বাংলাদেশে ফের হিন্দু হত্যা, এবার যশোরে গুলি করে খুন রানা প্রতাপ
বাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দু খুন। যশোর জেলায় এদিন সোমবার সন্ধ্যায় প্রকাশ্যে গুলি করে রানা প্রতাপ (৪৫) নামের এক হিন্দু যুবককে হত্যা করা হয়েছে বলে খবর। নিহত রানা প্রতাপ কেশবপুর উপজেলার আরুয়া গ্রামের তুষার কান্তি বৈরাগির পুত্র। এই হত্যাকাণ্ডের ফলে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
মণিরামপুর উপজেলার ১৭ নং ওয়ার্ডের কোপালিয়া বাজারে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে এই ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাজারে উপস্থিত রানা প্রতাপকে লক্ষ্য করে অজ্ঞাত পরিচয় হামলাকারীরা গুলি চালায়। একাধিক গুলিতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনার পর দ্রুত ভীতি ও বিশৃঙ্খলা ছড়ায় এলাকায়।

খবর পেয়ে মণিরামপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "আমরা ঘটনাস্থলে রয়েছি। মরদেহ উদ্ধার ও ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।" হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তদন্ত শুরু হয়েছে।
গত তিন সপ্তাহে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর এটি পঞ্চম প্রাণঘাতী হামলা। দেশজুড়ে চলমান অস্থিরতা ও বিক্ষোভের মধ্যে এই হিংসা আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সংখ্যালঘু সুরক্ষা নিয়ে গুরুতর উদ্বেগ বাড়িয়েছে।
পূর্বের ঘটনাগুলির মধ্যে রয়েছে হিন্দু পোশাক কর্মী দীপু চন্দ্র দাসের গণপিটুনিতে মৃত্যু এবং সাম্প্রতিক অস্থিরতার জেরে অমৃত মণ্ডলও নিহত হন। ময়মনসিংহ জেলায় বজেদ্র বিশ্বাস নামের এক হিন্দুকেও গুলি করে হত্যা করা হয়েছে।
এছাড়া, নববর্ষের প্রাক্কালে, ৩১শে ডিসেম্বর শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কোনেশ্বর ইউনিয়নে হিন্দু ব্যবসায়ী খোকন চন্দ্র দাসকে জনতা ছুরি মেরে আগুন ধরিয়ে দেয়। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।












Click it and Unblock the Notifications