'মুক্তিযুদ্ধে ভারত শুধু মিত্র ছিল, তার বেশি কিছু নয়', সাহায্য ভুলে উল্টে ক্ষোভ প্রকাশ ইউনূসের বাংলাদেশের
ভারত-বাংলাদেশের সম্পর্ক নিত্যদিন তলানিতে ঠেকছে। ভারত যতই সুসম্পর্ক বজায় রাখার কথা বলুক না কেন, বাংলাদেশ কিন্তু মোটেই সেই পথে হাঁটছে না। একের পর এক বিষাক্ত মন্তব্যে উত্তেজনা আরও বৃদ্ধি পাচ্ছে দুই দেশের সম্পর্কে। এমনকী গতকাল 'বিজয় দিবস'-উপলক্ষ্যে ভারত শুভেচ্ছা জানালেও, বাংলাদেশ কিন্তু হুঙ্কার আর ঝাঁঝ বজায় রাখল ভারতের দিকে।
মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মন্ত্রী সহ বাংলাদেশের রাজনীতিবিদরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোশ্যাল মিডিয়া পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয় দিবসের দিন নিজের এক্স হ্যান্ডেলে একটি লেখা পোস্ট করেন। সেখানে তিনি বলেন, "১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক জয়"। আর সেই কথাতেই এবার ক্ষোভ প্রকাশ করলেন মহম্মদ ইউনূসের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সোমবার মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, "আজ, বিজয় দিবসে, আমরা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্বের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যে। তাদের অটল আত্মা চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের মধ্যে গভীরভাবে গেঁথে থাকবে দেশের ইতিহাস"।
বাংলাদেশের রাজনীতিকরা প্রধানমন্ত্রী মোদীর বিজয় দিবস পোস্টের বিরুদ্ধেই সোচ্চার হয়েছেন। মহম্মদ ইউনূসের আইন উপদেষ্টা আসিফ নজরুল বিজয় দিবসে প্রধানমন্ত্রী মোদীর পোস্টের প্রতিবাদ করে বলেছেন, "এই জয়ে ভারত মিত্র ছিল, এর বেশি কিছু নয়"।
নজরুল বলেন, "আমি তীব্র প্রতিবাদ করি। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ছিল বাংলাদেশের বিজয়ের দিন। এই বিজয়ে ভারত ছিল মিত্র, আর কিছু নয়"। নজরুলের পাশাপাশি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহও প্রধানমন্ত্রী মোদীর সোশ্যাল মিডিয়া পোস্টের প্রতিবাদ করে বলেন, "এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। যুদ্ধটি পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের স্বাধীনতার জন্য হয়েছিল। কিন্তু মোদী দাবি করেছেন যে এটি শুধুমাত্র ভারতের যুদ্ধ ছিল। এটা করে তারা বাংলাদেশের অস্তিত্বকে সম্পূর্ণ উপেক্ষা করছে"।
এখন পর্যন্ত, বাংলাদেশি রাজনীতিবিদদের দায়ের করা প্রতিবাদের বিষয়ে বিদেশ মন্ত্রক কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে এই নিয়ে যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হবে, তা মনে করছেন অনেকেই।












Click it and Unblock the Notifications