Sheikh Hasina: জমি হাতানোর অভিযোগ! শেখ হাসিনা ও তাঁর পরিবারের বিরুদ্ধে ৩টি মামলা রুজু ইউনূসের সরকারের
Sheikh Hasina: শেখ হাসিনা ও তাঁর পরিবারের বিরুদ্ধে ৩টি মামলা রুজু করল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (Anti Graft Commission)। ক্ষমতার অপব্যবহার করে ঢাকার শহরতলিতে একাধিক জমিতে দুর্নীতির (Land Grab) অভিযোগ করা হয়েছে হাসিনা-সহ তাঁর পরিবারের বিরুদ্ধে। যাদের মধ্যে ব্রিটিশ সরকারের মন্ত্রী ও রাষ্ট্রসংঘের এক শীর্ষ কর্তাও রয়েছেন।
বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের ডিরেক্টর জেনারেল আখতার হোসেন জানান, প্রধানমন্ত্রী থাকাকালীন ক্ষমতাকে কাজে লাগিয়ে শেখ হাসিনা প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে নিজের জন্য় ও পরিবারের সদস্যদের ঢাকার শহরতলিতে জমি পাইয়ে দিয়েছিলেন। মামলায় শেখ হাসিনার বোন শেখ রেহানা, রেহেনার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের নাম রয়েছে।

ব্রিটেনের দুর্নীতি দমন বিভাগের মন্ত্রী টিউলিপ। কোনও অপরাধ করেননি বলে দাবি তাঁর। এদিকে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজিদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার প্রধানের দায়িত্বে রয়েছেন। তাঁর নামও রাখা হয়েছে মামলায়।
তবে হাসিনার ছেলে সাজিব ওয়াজেদ (Sajeeb Wazed Joy) জয়ের তরফে এব্যাপারে কোনও প্রতিক্রিয়া মেলেনি। সংবাদসংস্থা এএফপিকে আখতার হোসেন আরও জানান, তদন্তে একাধিক নথি মিলেছে যা থেকে হাসিনার সঙ্গে এই দুর্নীতির যোগ স্পষ্ট।
ঢাকার শহরতলিতে পূর্বাচল নিউ টাউনের প্লট বরাদ্দে হাসিনার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তোলা হয়েছে। দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, ১০ কাঠা জমির ৬টি প্লট মিলিয়ে মোট ৬০ কাঠা জমিতে দুর্নীতির অভিযোগ রয়েছে। গত ২৭ ডিসেম্বর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কমিশন। তদন্তে নেমে তারা জানতে পারে, নাম বদল করে ওই প্লটগুলির বরাদ্দ নিয়েছিল হাসিনার পরিবার। তাই তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
জমি দুর্নীতির অভিযোগ ছাড়াও হাসিনার বিরুদ্ধে গত ডিসেম্বরে হাসিনার পরিবারের বিরুদ্ধে আরও এক অভিযোগ এনেছিল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। রাশিয়ার আর্থিক অনুদানে প্রস্তাবিত রূপপুর পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট থেকে হাসিনার পরিবার ৫ বিলিয়ন ডলার তছরুপ করে বলে অভিযোগ। মোট ১২.৬৫ বিলিয়ন ডলার বরাদ্দ করেছিল রাশিয়া। তার প্রায় অর্ধেক টাকাই আত্মসাতের অভিযোগ করা হয় হাসিনা-সহ তাঁর পরিবারের বিরুদ্ধে। ওই মামলায় শেখ হাসিনার ছেলে সাজিব ওয়াজেদ, হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়।












Click it and Unblock the Notifications