কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই ঢাকা ফিরলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত
ভারত ও বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন যখন ক্রমেই স্পষ্ট হচ্ছে, ঠিক সেই সময়ই জরুরি তলব পেয়ে ঢাকায় ফিরলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। বিদেশ মন্ত্রকের 'জরুরি ডাক' এর পর সোমবার রাতেই তিনি ঢাকায় পৌঁছেছেন বলে জানা গিয়েছে।
বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতেই রাজধানীতে ফেরার নির্দেশ দেওয়া হয় হাই কমিশনারকে। যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও বিস্তারিত মন্তব্য করেনি ঢাকার বিদেশ মন্ত্রক। কূটনৈতিক মহলের মতে, এই পদক্ষেপই ইঙ্গিত দিচ্ছে ভারত ও বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক অবনতি নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে বাংলাদেশের অন্দরমহলে।

উল্লেখ্য, এর আগেই নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের হাই কমিশনারকে দিল্লিতে তলব করেছিল ভারত সরকার। ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনের নিরাপত্তা ঘিরে উদ্বেগ প্রকাশ করেছিল নয়াদিল্লি।
প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও পরবর্তীতে তাঁর ভারতে আশ্রয় নেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই দুই দেশের সম্পর্কে বড়সড় ফাটল ধরে। গণবিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতার মাঝে হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন মহম্মদ ইউনূস। তাঁর নেতৃত্বাধীন সরকার আদালতের রায়ের ভিত্তিতে শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানায় ভারতের কাছে।
যদিও ভারত সেই আবেদন গ্রহণের কথা স্বীকার করলেও, শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে কোনও প্রতিশ্রুতি দেয়নি। বরং বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা ফেরানোর প্রয়োজনীয়তার কথাই তুলে ধরেছে ভারত।
এরই মধ্যে বাংলাদেশের কয়েকজন নেতার ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে মন্তব্য নয়াদিল্লির ক্ষোভ বাড়ায়। পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে বলে অভিযোগ উঠেছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে নির্বাচনী প্রচারের সময় তরুণ রাজনৈতিক নেতা ওসমান হাদির হত্যাকাণ্ডে। অভিযোগ ওঠে, অভিযুক্তরা নাকি ভারতে পালিয়ে এসেছে যা ভারত সরকার স্পষ্টভাবে অস্বীকার করে। একই সঙ্গে ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে প্রকাশ্যে নৃশংসভাবে মারধর করে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনাও আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করে ভারত।
এই সমস্ত ঘটনার জেরে দিল্লিতে বাংলাদেশের কনস্যুলেটের সামনে বিক্ষোভে সামিল হয় একাধিক হিন্দু সংগঠন। তাদের দাবি বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
সব মিলিয়ে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে ভারত ও বাংলাদেশ সম্পর্ক যে স্পষ্টতই সংকটের মুখে, তা আর গোপন নয়। ঢাকায় হাই কমিশনারের জরুরি প্রত্যাবর্তন সেই সংকেতই আরও জোরালো করল বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।












Click it and Unblock the Notifications