Bangladesh Elections 2024: বিক্ষোভ-অশান্তির মধ্যেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন, হাসিনার মসনদে থাকা নিশ্চিত
Bangladesh Elections 2024: বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল। প্রধান বিরোধী দল খালেদা জিয়ার বিএনপি-সহ একাধিক রাজনৈতিক দল নির্বাচন বয়কটের পথে হেঁটেছে।
ফলে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লিগের টানা চতুর্থবার সরকার গঠন স্রেফ সময়ের অপেক্ষা। তবে বিক্ষোভ, প্রতিবাদ, অশান্তির আবহে কত শতাংশ ভোট পড়বে তা নিয়ে সংশয়ী রাজনৈতিক মহল।

বাংলাদেশে জাতীয় সংসদে মোট আসন সংখ্যা ৩০০। মোট ভোটারের সংখ্যা ১১,৯৬,৮৯,২৮৯ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৬,০৭,৬৯,৭৪১ জন। মহিলা ভোটারের সংখ্যা ৫,৮৯, ১৮, ৬৯৯ জন। মোট প্রার্থী রয়েছেন ১,৯৭০ জন। নির্দল প্রার্থীর সংখ্যা ৪৩৬। ২৭টি রাজনৈতিক দলের দেড় হাজারের প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে।
বাংলাদেশের নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ৪২ হাজারের বেশি বুথে সকাল থেকেই চলবে ভোটগ্রহণ। ভোটপর্ব তদারকির দায়িত্বে থাকবেন শতাধিক বিদেশি পর্যবেক্ষক। ভারত থেকে তিনজন রয়েছেন। সোমবারই ভোটের ফলাফল প্রকাশ করা সম্ভব হবে বলে জানাচ্ছে নির্বাচন কমিশন।
কেয়ারটেকার সরকারের তত্ত্বাবধানে ভোট চেয়েছিল খালেদা জিয়ার বিএনপি। কিন্তু সেটা হয়নি। সে কারণে নির্বাচনকে প্রহসন বলে দাবি করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি। যার ফলে টানা চতুর্থবার আওয়ামি লিগের সরকার গঠনের পথ মসৃণ হয়ে গিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
আজ থেকেই বাংলাদেশে ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বিএনপি। ট্রেনে অগ্নিসংযোগ থেকে শুরু করে বিক্ষিপ্ত অশান্তির ঘটনাও ঘটছে। বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। ভোট বয়কটের আহ্বান জানিয়ে হচ্ছে মানববন্ধন কর্মসূচিও। ঢাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী।
যে ২৭টি রাজনৈতিক দল নির্বাচনী লড়াইয়ে অংশ নিয়েছে তার মধ্যে একমাত্র জাতীয় পার্টি (JAPA) বিরোধী দল। বাকি দলগুলি আওয়ামি লিগের জোটে রয়েছে। ক্ষমতাসীন সরকারের আমলে অবাধ ও স্বচ্ছ্ব নির্বাচন সম্ভব নয় বলেই নির্বাচনে না লড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে বিএনপি। আজ সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বনধের ডাক দেওয়া হয়েছে। অন্যদিকে, হাসিনার আওয়ামি লিগ নির্বাচনী ইশতেহারে দেশের আর্থ-সামাজিক বিকাশের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। মাশরফি বিন মোর্তাজার সঙ্গে ভোটে লড়ছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক শাকিব আল হাসান।












Click it and Unblock the Notifications