একদিনের মধ্যে অন্য মামলায় বেগম জিয়ার সাজা দ্বিগুণ হল বাংলাদেশে
অনাথ আশ্রম দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সাজার পরিমাণ ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করে দেওয়া হল।
সোমবার বিএনপি নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দুর্নীতি মামলায় ৭ বছরের সাজা দিয়েছে আদালত। এদিন মঙ্গলবার অনাথ আশ্রম দুর্নীতি মামলায় সাজার পরিমাণ ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করে দেওয়া হল।

এই মামলায় এই বছরের শুরুতে আদালত ৫ বছরের সাজা শুনিয়েছিল। পরে তার পরিমাণ বাড়াতে আপিল করা হয়। সেই আবেদনের শুনানিতেই সাড়া দিয়ে আদালত সাজা একেবারে দ্বিগুণ করে দিল।
মামলাকারীদের যুক্তি ছিল, বেগম জিয়া এই মামলার মুখ্য আসামি। বাকীদের সাজা ১০ বছর হয়েছে যখন, তখন প্রধান আসামির সাজা কিছুতেই ৫ বছর হতে পারে না। ফলে সব আসামির সাজা সমান করা হয়েছে।
প্রসঙ্গত, ২০০৮ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। তখন বাংলাদেশে একপ্রকার জরুরি অবস্থা চলছে। সেই মামলায় গত ৮ ফেব্রুয়ারি আদালত সাজা ঘোষণা করে। সেটার মেয়াদই দ্বিগুণ করা হল।
সোমবার দুর্নীতির আর একটি মামলায় ফের দোষী সাব্যস্ত হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (৭৩)। ক্ষমতায় অপব্যবহার করে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে প্রায় সওয়া তিন কোটি বাংলাদেশি টাকা নয়ছয়ের অভিযোগ প্রমাণিত হয়েছে। বেগম জিয়া সহ মোট চার আসামিকে আদালত ৭ বছর করে সশ্রম কারাদণ্ডের সাজা দেয়।












Click it and Unblock the Notifications