আওয়ামি লিগের ঝুলিতে ২৩২ আসন, হিংসা অব্যাহত বাংলাদেশে

দশম সাধারণ নির্বাচনে আওয়ামি লিগ একাই বাজিমাত করল। বিপুল জনাদেশ পেয়ে দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন শেখ হাসিনা।
বাংলাদেশের পার্লামেন্ট বা জাতীয় সংসদে ৩৫০টি আসন রয়েছে। ৫০টি আসন হল সংরক্ষিত। ফলে, অন্যান্য বারের মতো এবারও ৩০০টি আসনে ভোট হওয়ার কথা ছিল। এর আগে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় প্রার্থীরা। এই ১৫৩টি আসনের মধ্যে ১২৭টি যায় শাসক দল আওয়ামি লিগের ঝুলিতে। ২৬টি আসনে জেতে আওয়ামি লিগের শরিক দলগুলি। বাকি ১৪৭টি আসনে ভোট হয় গতকাল। সোমবার ভোটের ফল বেরোতে দেখা গেল, ১০৫টি আসনে জয় পেয়েছে শেখ হাসিনার আওয়ামি লিগ। অর্থাৎ তাদের মোট আসন দাঁড়িয়েছে ২৩২টি। এই সংখ্যা ২০০৯ সালের চেয়ে বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে গোপালগঞ্জ-৩ এবং রংপুর-৬ আসন থেকে জয়ী হয়েছেন।
ভোটের ফলাফল ঘোষিত হওয়ার পর মুখ্য নির্বাচন কমিশনার রকিবউদ্দিন আহমেদ বলেছেন, "৯৭ শতাংশ কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট হয়েছে। তবে দুই প্রধান রাজনীতিক দল বোঝাপড়ায় এলে আরও ভালো ভোট হত।" বিএনপি-র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেন, "শাসক দলের সঙ্গে সমঝোতার কোনও প্রশ্নই ওঠে না। আমাদের লক্ষ্য হবে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করে দেশবাসীকে সুবিচার দেওয়া। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।"
এদিকে, দেশের বিভিন্ন প্রান্তে হিংসা খবর পাওয়ার গিয়েছে। ঢাকায় আওয়ামি লিগ ও জাতীয় পার্টির সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ৩ জন। এছাড়া রাজশাহী, রংপুর ইত্যাদি জায়গাতেও উত্তেজনা ছড়ায়। বিএনপি-র ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে সোমবার সকাল ছ'টা থেকে। রাস্তা, রেলপথ অবরোধ করে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায় বিএনপি এবং তার সহযোগী ১৮ দলের নেতা-কর্মীরা। পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। কোথাও কোথাও মৃদু লাঠিচার্জ করতে হয় পুলিশকে।












Click it and Unblock the Notifications