পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! ১০টি বগি লাইনচ্যুত, কমপক্ষে মৃত ৩৩, মৃতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা
পাকিস্তানের শাহজাদপুর ও নবাবশাহের মধ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। এই দুর্ঘটনায় হাজারা এক্সপ্রেসের অন্তত ১০ টি বগি লাইনচ্যুত হয়েছে। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। ৮০ জনের বেশি আহত হয়েছে। মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন।
ট্রেনটি করাচি থেকে পঞ্জাব যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। পাকিস্তান রেডিওর এক প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার নবাবশাহের সরহরি রেলওয়ে স্টেশনের কাছে হাজারা এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। সেখানেই ৩৩ জনের মৃত্যু হয়। কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। প্রতিবেদনেই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

আহতদের চিকিৎসার জন্য নবাবশাহ পিপলস মেডিক্যাল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনায় ব্যাপারে পাকিস্তান রেলের কর্তারা এখন কিছুই বলতে পারেননি। লাইনচ্যুত হওয়ার কারণ তারা জানাতে পারেননি। অন্য এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল।
পাকিস্তানের রেল ও বিমান পরিবহণমন্ত্রী খাজা সাদ রফিক লাহোরে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। ৩৩ জনের মৃত্যু ও আরও অনেকের আহত হওয়ার খবর তাঁরা পেয়েছেন। এই দুর্ঘটনাকে দুঃখজনক বলে বর্ণনা করেছেন তিনি। ঘটনার তদন্তের আশ্বাস তিনি দিয়েছেন।
ট্রেন দুর্ঘটনায় মৃতদের প্রতি শোক প্রকাশ করেছেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ। এছাড়াও তিনি নবাব আলি শাহ জেলা প্রশাসনকে আহতদের দ্রুত চিকিৎসা সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।












Click it and Unblock the Notifications