লকডাউনে ব্যবসায় মন্দা, ৩৭০০ কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে উবার
করোনা সঙ্কটে ক্রমেই হেলে পড়ছে একাধিক দেশের অর্থনীতি। একটানা লকডাউনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেকারত্বের সংখ্যা। কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে ছোট বড় একাধিক সংস্থাই। এবার আর্থিক মন্দার জেরে সেই একই রাস্তায় হাঁটতে দেখা গেল মার্কিন অ্যাপ ক্যাব সংস্থাকে।

জুমে ভিডিও কনফারেন্সিংয়ে ছাঁটাইয়ের ঘোষণা
সূত্রের খবর, ইতিমধ্যেই প্রায় ৩৭০০ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে উবার। ইতিমধ্যেই জুম অ্যাপে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সেই বার্তাও দেওয়া হয়েছে কর্মীদের। ইতিমধ্যেই কর্মীদের সঙ্গে সংস্থার উচ্চ পদস্থ আধিকারিকদের ওই অনলাইন মিটিংয়ের ফুটেজও বাইরে চলে আসে বলে জানা যাচ্ছে।

কাজ হারানো কর্মীদের জন্য আর্থিক প্যাকেজের ঘোষণা
এই প্রসঙ্গে উবারের তরফে জানানো হয়, "কর্মচারীদের ছেড়ে দেওয়া সত্যিই কঠিন এক সিদ্ধান্ত। বর্তমানে আমরা সকলেই কয়েক ডজন শহর ও দেশ জুড়ে বাড়ি থেকে কাজ করছি। কিন্তু এই সঙ্কটকালীন পরিস্থিতিতে আমাদের কাছে আর কোনও উপায়ও খোলা নেই। আমরা গোটা বিষয়টিকেই সহানুভূতির সঙ্গে দেখছি। কাজ হারানো কর্মীদের জন্য আমরা আর্থিক প্যাকেজ ও বিভিন্ন সুবিধা প্রদানেরও চেষ্টা করছি।"

বসিয়ে দেওয়া হচ্ছে কাস্টমার সাপোর্ট কর্মীদের
স্কটসডেলের অ্যারিজোনায় উবারের ফিনিক্স সেন্টার অব এক্সিলেন্সের প্রধান রুফিন শেভালিউকে ভিডিও কনফারেন্সে কর্মীদের উদ্দেশ্যে এই এই খারাপ খবর শোনাতে দেখা যায়। উবারের ব্যবসা অর্ধেকেরও বেশি কমেছে বলেই কোম্পানিকে এই কঠিন পদক্ষেপ নিতে হচ্ছে বলে জানান তিনি। ৩৭০০ কর্মীর মধ্যে প্রথম ধাপে ৪৬ টি দেশের ৩৫০০ গ্রাহক সুরক্ষায় নিযুক্ত কর্মীদের ছাঁটাইহতে চলেছে বলে খবর। যদিও এর আগেই মোট ৩৭০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করতে দেখা যায় উবারকে।

গতসপ্তাহেই ছাঁটাই মধ্যপ্রাচ্যেও
এদিকে বিভিন্ন দেশে ইতিমধ্যে তাদের ফুড ডেলিভারি ব্যবসা উবার ইটস বন্ধ করার কথা ঘোষণা করেছে উবারের তরফে।যার জেরে কর্মী ছাঁটাইয়ের মতো পদক্ষেপ নিতে হবে বলে আগেই জানিয়েছিল তারা। এরপর মধ্যপ্রাচ্যে কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করতে দেখা যায় উবারকে। গতসপ্তাহেই সেখানে উবরের অধীনস্থ সংস্থা Careem-র প্রায় ৩১ শতাংশ কর্মীকে ছাঁটাইয়ের কথা ঘোষণা করতেও দেখা যায়। মধ্যপ্রাচ্যে পরিবহন পরিষেবার পাশাপাশি ফুড ডেলিভারি পরিষেবাও দিত এই Careem।












Click it and Unblock the Notifications