আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা, নিউইয়র্কের পার্কে গুলিতে মৃত্যু, জখম ছয়
আমেরিকার মাটিতে প্রকাশ্যে ফের চলল গুলি। রক্ত ঝরল রাজপথে৷ অতি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর গুলি চালানো হয়। সেই ঘটনায় তোলপাড় হয়েছিল আমেরিকা সহ গোটা বিশ্ব। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বন্দুকবাজের হানা।
নিউইয়র্কের রসেস্টার সিটির একটি পার্কে এই ভয়াবহ ঘটনা ঘটেছে৷ বন্দুকবাজের গুলিতে প্রাণ হারিয়েছেন এক জন। আরও ছয় জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন৷ অতর্কিত হামলায় উপস্থিত সাধারণ মানুষের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

রবিবার নিউইয়র্কের স্থানীয় সময় ৬ টা ২০ মিনিট নাগাদ এই হামলা হয়েছে৷ রবিবার ছুটির দিন। সন্ধেবেলা ব্রিজ ভিউ ড্রাইভের কাছে ওই পার্কে লোকজনও ছিল অন্যান্য দিনের থেকে একটু বেশিই। সেই সময় পর পর গুলি চলার আওয়াজ পাওয়া যায়। নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ পালানোর জন্য সাধারণ মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়৷
এক জন না কী অনেক বন্দুকবাজ এই হামলা করেছে? সেই বিষয়ে এই খবর লেখা পর্যন্ত জানা যায়নি৷ পুলিশ অকুস্থলে পৌঁছালেও কাউকে ধরতে পারেনি। সাধারণ মানুষদের থেকে তথ্য জানার চেষ্টা চলছে। পার্ক ও আশপাশের সিসিটিভি সংগ্রহ করেও দেখা হচ্ছে।
পার্কে এই বন্দুকবাজ হামলায় এক জন যুবক মারা গিয়েছে। পুলিশ তার মৃতদেহ পার্ক থেকেই উদ্ধার করেছে। আরও ছয় জন গুলিবিদ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে এক জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এই কথা জানা গিয়েছে।
কিছু দিন আগেই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা হয়েছিল। জনসভার মধ্যেই তাঁকে লক্ষ্য করে গুলি চলে। কান ছুঁয়ে গুলি চলে গিয়েছিল ট্রাম্পের। রক্তাক্ত ট্রাম্পকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। আমেরিকার বন্দুকবাজের হামলা মাঝেমধ্যেই হয়। কিন্তু ট্রাম্পের উপর হামলার পর চর্চা আরও বেড়ে যায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সাধারণ মানুষের উপরে হামলা।












Click it and Unblock the Notifications