Donald Trump: “ডলারের বিকল্প আনার পরিকল্পনা নেই,” BRICS-কে ট্রাম্প ফের হুমকি দিতেই সাফ জানাল ভারত, রাশিয়া
BRICS Currency: নতুন করে ফের ব্রিকস গোষ্ঠীর অন্তর্ভুক্ত দেশগুলিকে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ডলার ব্যতীত বিকল্প মুদ্রায় (Currency) ব্যবসা করলে ব্রিকস দেশগুলির উপর ১০০ শতাংশ শুল্কের খাঁড়া নেমে আসবে বলে বৃহস্পতিবারই ফের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও বিকল্প মুদ্রা আনার কোনও পরিকল্পনাই নেই বলে শুক্রবার স্পষ্টতই জানিয়ে দিল রাশিয়া ও ভারত।
গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পরই ব্রিকস দেশগুলির (BRICS Countries) উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ডলারে ব্যবসা না করে যদি ব্রিকস দেশগুলি বিকল্প মুদ্রায় লেনদেনের কথা ভাবে, তাহলে আমেরিকার দরজা তাদের জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে বলে হুমকি দেন ট্রাম্প।

শুধু তাই নয়, দেশগুলির উপর ১০০ শতাংশ শুল্ক (100 Percent Tariff) চাপানো হবে বলেও হুমকি দেন তিনি। তবে শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানান, ব্রিকসের অন্যতম সদস্য রাশিয়ায় তরফে এখনও কোনও সাধারণ মুদ্রা আনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়নি।
রাশিয়ার দাবি, বরং যৌথ বিনিয়োগের পরিবেশ তৈরি করার ব্যাপারে উদ্যোগ দেখানো হয়েছে। সংবাদসংস্থা রয়টার্স অনুযায়ী সাংবাদিকদের পেশকভ বলেন, "ট্রাম্প প্রথম এসব কথা বলেননি। এতে নতুন কিছু নেই। এর আগেও প্রেসিডেন্ট পদপ্রার্থী থাকাকালীন এসব কথা বলেছিলেন।"
পেশকভ আরও জানান, "ব্রিকসে সাধারণ মুদ্রা আনার ব্যাপারে কোনও কথা হয়নি। কোনও সিদ্ধান্তও কখনও নেওয়া হয়নি। বরং তৃতীয় বিশ্বের দেশগুলিতে যৌথ বিনিয়োগ করার ব্যাপারে কথা হয়েছে সম্মেলনে। আমেরিকার বিশেষজ্ঞদের উচিত ট্রাম্পকে ব্রিকসের আলোচনা সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা।" গত ডিসেম্বরেও ক্রেমলিনের তরফে জানানো হয়েছিল, ডলার নিয়ে আমেরিকার শাসানিতে হিতে বিপরীতই হবে।
রাশিয়ার সুরেই সুর মিলিয়েছে ভারতও। ব্রিকসে সম্মিলিতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়, আপাতত ডলারকে বাদ দিয়ে অন্য মুদ্রা আনার ব্যাপারে কোনও নীতি ভারতে গৃহীত হয়নি বলে সাফ জানিয়ে দেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। উল্লেখ্য, রাশিয়ার থেকে তেল কিনতে একাধিক বিদেশি মুদ্রার উপর নির্ভর করতে হয় ভারতকে।
বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মতে, ভারতের সবচেয়ে বড় ব্যবসায়ী শরিক মার্কিন যুক্তরাষ্ট্র। খুব শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখোমুখি হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে। বিদেশমন্ত্রকের তরফে মোদীর মার্কিন সফরের বন্দোবস্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, ব্রিকস দেশগুলির মধ্যে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও অন্যান্য দেশ।












Click it and Unblock the Notifications