শাপে বর! টুইটারের সিইও থেকে বরখাস্ত হওয়ার পর কত টাকা পেলেন পরাগ আগরওয়াল
শাপে বর! টুইটারের সিইও থেকে বরখাস্ত হওয়ার পর কত টাকা পেলেন পরাগ আগরওয়াল
গত কয়েকমাস ধরে বিতর্ক, টানাপোড়েনের পরে অবশেষে ইলন মাস্ক টুইটার কেনার চূড়ান্ত চুক্তি করেন বৃহস্পতিবার। আর এই চুক্তির পরেই আন্তর্জাতিক মহলের অনুমানকে সত্যি করে টুইটারের সিইও ভারতীয় বংশোদ্ভুত পরাগ আগরওয়ালকে বরখাস্ত করেন ইলন মাস্ক। পাশাপাশি তিনি টুইটারের চিফ ফাইনান্স আধিকারিক নেড সেগাল ও বিজয় গাড্ডেকে বরখাস্ত করেন। বরখাস্ত হওয়ার সঙ্গে সঙ্গে ইলন মাস্ককে ৪২ মিলিয়ন মার্কিন ডলার দিতে হচ্ছে টুইটারের প্রাক্তন সিইওকে। পাশাপাশি টুইটারের চিফ ফাইনান্স আধিকারিক নেড সেগাল ও আইনি পরামর্শদাতা বিজয় গাড্ডে বরখাস্তের জেরে আর্থিকভাবে লাভবান হচ্ছেন বলে জানা গিয়েছে।

শাপে বর পরাগ আগওয়ালের
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, টুইটার গ্রহণ করার সঙ্গে সঙ্গে ইলন মাস্ক সংস্থার শীর্ষস্থানীয় আধিকারিকদের বরখাস্ত করেছেন। যার জেরে ইলন মাস্ককে প্রায় ৮৮ মিলিয়ন মার্কিন ডলার মোট ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। তারমধ্যে পরাগ আগওয়ালকে দিতে হবে ৪২ মিলিয়ন মার্কিন ডলার। পরাগ আগরওয়ালের বরখাস্তের সঙ্গে সঙ্গে তাঁর সঙ্গে টুইটারের এক দশকের বেশি সময়ের সম্পর্ক শেষ হয়ে যায়। টুইটারের একবারে প্রথম পর্যায়ে পরাগ আগরওয়াল যোগ দিয়েছিলেন সংস্থায়। তখন টুইটারের ১,০০০ জনও কর্মী ছিল না। গত বছর নভেম্বরে আচমকাই টুইটারের সহ প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি পদত্যাগ করেন। সেই সময় সিইও পদে নিযুক্ত হন পরাগ আগরওয়াল। টুইটারের সঙ্গে চুক্তি করেন, একবছরের আগে তাঁকে বরখাস্ত করা হলে ৪২ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে।

লাভবান টুইটারের শীর্ষ আধিকারিকরা
টুইটার গ্রহণের সঙ্গে সঙ্গেই পরাগ আগরওয়ালের পাশাপাশি চিফ ফাইনান্স আধিকারিক নেড সেগাল ও আইনি পরামর্শদাতা বিজয় গাড্ডেকে বরখাস্ত করা হয়। ইলন মাস্ককে বরখাস্তের জন্য নেড সেগালকে ২৫.৪ মিলিয়ন মার্কিন ডলার দিতে হবে। আইনি পরামর্শদাতা বিজয় গাড্ডেকে দিতে হবে ১২.৫ মিলিয়ন মার্কিন ডলারের বেশি। চিফ কস্টমার অফিসার সারাহ পার্সনেট পাবেন ১১.২ মিলিয়ন মার্কিন ডলার।

টুইটারে কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা
ইলন মাস্ক প্রথম থেকেই জানিয়ে এসেছেন, টুইটার গ্রহণ করলে তিনি ৭৫ শতাংশ কর্মী ছাঁটাই করবেন। যার জেরে বিশ্বব্যাপী ৫,৬০০ কর্মী চাকরি হারাতে পারেন বলে আশঙ্কা করা হয়। যদিও বৃহস্পতিবার টুইটারের সদর দফতর পরিদর্শনের সময় মাস্ক বলেন, তিনি ৭৫ শতাংশ কর্মীদের বরখাস্ত করবেন না। তবে ঠিক কত জনকে বরখাস্ত করা হবে, তা এখন স্পষ্টভাবে ইলন মাস্ক উল্লেখ করেননি। এরফলে বিশ্বজুড়ে টুইটারের কর্মীরা চাকরি হারানোর আশঙ্কায় রয়েছেন।












Click it and Unblock the Notifications