Adani Bribery Case: বিড়ম্বনা বাড়ল আদানিদের! ফৌজদারি ও দেওয়ানি মামলা একসঙ্গে চলবে, নির্দেশ মার্কিন আদালতের
Adani Bribery Case: নতুন করে বিড়ম্বনা বাড়ল শিল্পপতি গৌতম আদানির (Gautam Adani)। ২৬. ৫ কোটি ডলার ঘুষকাণ্ডে আদানি-সহ বাকিদের বিরুদ্ধে চলা তিন তিনটি মামলাকে এক ছাতার তলায় এনে জয়েন্ট ট্রায়ালে তার শুনানি হবে বলে জানাল নিউইয়র্কের আদালত (New York Court)। মামলাগুলি সমগোত্রীয় হওয়াতেই এমন নির্দেশ দেওয়া হয়েছে বলে জানাল আদালত।
আদানিদের বিরুদ্ধে ফৌজদারি (Criminal Cases) ও দেওয়ানি মামলা (Civil Cases) একইসঙ্গে চলবে বলে জানিয়েছে নিউইয়র্কের আদালত। মার্কিন যুক্তরাষ্ট্র বনাম আদানির ফৌজদারি মামলা, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (SEC) বনাম আদানিদের দুটি দেওয়ানি মামলার একসঙ্গে শুনানি হবে আদালতে।

সময়ের অসুবিধা এড়াতে ও বিচার প্রক্রিয়া মসৃণ করার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আদালত। তিনটি মামলার বিচার প্রক্রিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে জেলা জজ নিকোলাস জি গারাফিসকে। আদানিদের বিরুদ্ধ চলা ফৌজদারি মামলার বিচারের দায়িত্বেও তিনিই ছিলেন এতদিন। তিনটি কেসের রিঅ্যাসাইনমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে গারাফিসকে।
গত ২১ নভেম্বর নিউইয়র্কের ইস্টার্ন ডিসট্রিক্ট কোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ পেশ করে এসইসি ও ন্যায়বিচার মন্ত্রক। নিউইয়র্কের আদালত গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant) জারি করেছিল।
আদালতের অভিযোগ, সোলার এনার্জি সাপ্লাইয়ের কন্ট্র্যাক্ট পেতে ভারত সরকারের শীর্ষকর্তাদের রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলির মাধ্যমে ২৬.৫ কোটি ডলার ঘুষ দিয়েছে আদানি কর্তারা। গৌতম আদানি-সহ তাঁর ভাইপো সাগর আদানি-সহ ৭ জনের বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি মামলা দায়ের করে যুক্তরাষ্ট্রের আদালত।
আমেরিকার শেয়ার বাজারে বিনিয়োগকারীদের থেকে টাকা তুলে ঘুষ দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে আদানিদের বিরুদ্ধে। ঘুষের কথা গোপন করে আমেরিকার ব্যাঙ্কের সঙ্গে প্রতারণার অভিযোগও ওঠে। যদিও সেই অভিযোগ নস্যাৎ করেছে আদানি গোষ্ঠী।
গোটাটাই মিথ্যে ও ভিত্তিহীন অভিযোগ বলে দাবি আদানিদের। তাদের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, "আমরা আইন মেনে চলার পক্ষে। সমস্ত আইন মেনেই আমরা কাজ করি।" আইনি পথেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় আদানি গোষ্ঠী।












Click it and Unblock the Notifications