ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২১, আহত শতাধিক
দক্ষিণ স্পেনে ভয়ংকর ট্রেন দুর্ঘটনায় শোকস্তব্ধ হয়েছে গোটা এলাকা। দ্রুতগতিতে চলতে থাকা একটি হাই স্পিড ট্রেন লাইনচ্যুত হয়ে যায় এবং উল্টোদিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সজোরে ধাক্কা খায়। মুখোমুখি সংঘর্ষের কারণে এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ২১ জন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০০ জনেরও বেশি যাত্রী। তাঁদের মধ্যে অন্তত ২৫ জনের অবস্থা এখন আশঙ্কাজনক। মৃতের সংখ্যা ২১ পেরিয়ে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গতকাল বিকেলে স্পেনের আদামুজ শহরের কাছে এই ট্রেন দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, মালাগা থেকে মাদ্রিদের দিকে যাচ্ছিল আইরো সংস্থার একটি হাই স্পিড ট্রেন। আর ঠিক সেই একই সময়ে বিপরীত দিক থেকে, অর্থাৎ মাদ্রিদ থেকে হুয়েলভার দিকে আসছিল রেনফে পরিচালিত আরেকটি দ্রুতগতির ট্রেন।
খবর অনুসারে, মাদ্রিদগামী আইরো ট্রেনটি একটি স্টেশন ছাড়ার প্রায় ১০ মিনিট পরে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আদামুজের কাছে এসে ট্রেনটি লাইনচ্যুত হয়ে পাশের ট্র্যাকে উঠে যায়। আর ঠিক সেই সময় ওই লাইনে দ্রুত গতিতে এগিয়ে আসছিল রেনফের ট্রেন। কোনও কিছু বুঝে ওঠার আগেই দু'টি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার সময় আইরো ট্রেনে ৩০০টিরও বেশি যাত্রী ছিলেন। অন্যদিকে আবার, রেনফে ট্রেনটিতেও কমপক্ষে ১০০ জন যাত্রী ছিলেন। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে একাধিক কামরা দুমড়ে-মুচড়ে যায়। জানা গিয়েছে যে, রেনফে ট্রেনের চালক ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনাতীর খবর পাওয়ার পরে পুলিশ, দমকল বাহিনী, রেড ক্রস এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। রাতভর চলতে থাকে উদ্ধারকার্য। অনেক যাত্রীই বিকৃত হয়ে যাওয়া কামরার ভিতরে দীর্ঘ সময় ধরে আটকে ছিলেন। আইরো ট্রেনের বেশিরভাগ যাত্রীকেই উদ্ধার করা সম্ভব হলেও, রেনফে ট্রেনের একাধিক কামরার অবস্থা অত্যন্ত ভয়াবহ।
উদ্ধারকারীরা এখনও নিশ্চিত করে বলতে পারছেন না যে ঠিক কতজন যাত্রী ভিতরে আটকে রয়েছেন। সেই কারণেই আশঙ্কা করা হচ্ছে যে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনাটির পর মাদ্রিদ এবং আন্দালুসিয়ার একাধিক হাসপাতালে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। আহতদের খুব তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
ইতিমধ্যেই এই মর্মান্তিক দুর্ঘটনার তদন্ত শুরু হয়ে গিয়েছে। কী কারণে হাই স্পিড ট্রেনটি লাইনচ্যুত হল, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। আপাতত শোকের ছায়া গোটা দক্ষিণ স্পেন জুড়ে।












Click it and Unblock the Notifications