আকাশে চার চাঁদের ভেলকি! সেন্ট পিটার্সবার্গে বিরল আলোর ঘটনায় বিস্মিত আকাশপ্রেমীরা
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের রাতের আকাশ যেন এক মুহূর্তে রূপকথার মঞ্চ। চাঁদের পাশে পাশাপাশি আরও তিনটি চাঁদের মতো আলোর প্রতিচ্ছবি, দেখে চোখ ফেরানোই দুষ্কর। বিরল এই দৃশ্য দেখে রীতিমতো অভিভূত হয়ে পড়েন শহরের আকাশপ্রেমী মানুষজন। বিজ্ঞানীরা একে বলছেন 'প্যারাসেলেনি' চাঁদের আলোতে তৈরি এক অনন্য অপটিক্যাল বিভ্রম। রবিবার রাতের সেই মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভাইরাল।
মনে হচ্ছিল, প্রকৃতি নিজেই যেন চার চাঁদের প্রদর্শনী সাজিয়েছে। যদিও বাস্তবে আকাশে ছিল একটাই চাঁদবা, কি তিনটি তারই আলোয় তৈরি প্রতিচ্ছবি। বিজ্ঞানসম্মত ব্যাখ্যায় জানা যায়, প্যারাসেলেনি বা 'মুন ডগ' তৈরি হয় উচ্চ আকাশে ভেসে থাকা পাতলা সিরাস বা সিরোস্ট্রাটাস মেঘে থাকা ষড়ভুজাকৃতি বরফকণার মধ্য দিয়ে চাঁদের আলো প্রতিসরিত হলে। এই বরফকণাগুলি আয়নার মতো কাজ করে, ফলে চাঁদের দু'পাশে উজ্জ্বল আলোর দাগ বা 'মক মুন' দেখা যায়।

নাসার তথ্য অনুযায়ী, সাধারণত এই প্রতিচ্ছবিগুলি চাঁদ থেকে প্রায় ২২ ডিগ্রি বা তার বেশি কোণে অবস্থান করে। চাঁদ যত নিচুতে থাকে, ততই এই আলোকবিভ্রম চোখে পড়ে স্পষ্টভাবে। মূল চাঁদের তুলনায় প্যারাসেলেনি তুলনামূলকভাবে ফিকে হলেও সঠিক আবহাওয়ায় তা অনন্য দৃশ্য তৈরি করে।
বিশেষজ্ঞদের মতে, বরফকণার আকার ও দুলুনির উপর নির্ভর করে এই আলোর স্তম্ভ কতটা লম্বা বা উজ্জ্বল হবে।
বড় আকারের বরফকণা হলে প্রতিচ্ছবির উচ্চতাও বেড়ে যায় যা সেদিনের দৃশ্যকে আরও নাটকীয় করে তুলেছিল।
এক কথায়, সেন্ট পিটার্সবার্গের আকাশ সেদিন শুধু চাঁদের আলোয় নয়, বিজ্ঞান আর বিস্ময়ের মেলবন্ধনেও ঝলমল করেছিল।












Click it and Unblock the Notifications