৯ মে ৮০তম বিজয় দিবস অনুষ্ঠিত হবে রাশিয়ায়, বন্ধু হিসেবে পুতিনের পাশে থাকবেন মোদী
রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৯ মে অনুষ্ঠিত হতে চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে সোভিয়েত জয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে 'বিজয় দিবস' উদযাপনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই খবর রুশ সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন রাশিয়ার উপ-বিদেশমন্ত্রী আন্দ্রে রুডেনকো।
রুডেনকো জানান, "আমন্ত্রণপত্র ইতিমধ্যেই প্রধানমন্ত্রী মোদীর কাছে পাঠানো হয়েছে। তাঁর সফর নিয়ে কাজ চলছে। এটি এই বছরই অনুষ্ঠিত হবে বলে আশা করছি"। ভারত রাশিয়ার খুব ভালো বন্ধু দেশ। স্বাভাবিক ভাবেই মোদীর আমন্ত্রণ রক্ষা একপ্রকার নিশ্চিত বলেই মনে করছেন অনেকে।

১৯৪৫ সালের ৯ মে সোভিয়েত সেনাবাহিনীর নেতৃত্বে জার্মানির নিঃশর্ত আত্মসমর্পণ-এর মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইউরোপীয় অধ্যায়ের সমাপ্তি ঘটে। এই দিনটি রাশিয়ায় "বিজয় দিবস" হিসেবে পালিত হয়, যার মূল আকর্ষণ থাকে রেড স্কয়ারে বিশাল সামরিক কুচকাওয়াজ। এই বছর উদযাপিত হবে সোভিয়েত জয়ের ৮০তম বর্ষ।
রাশিয়া এ উপলক্ষে বন্ধুত্বপূর্ণ দেশগুলির নেতাদের আমন্ত্রণ জানিয়েছে, যার মধ্যে ভারতের প্রধানমন্ত্রীর নাম রয়েছে। প্রধানমন্ত্রী মোদী সর্বশেষ রাশিয়া সফর করেন ২০২৪ সালের জুলাই মাসে, যা ছিল প্রায় পাঁচ বছর পর তার প্রথম সফর।
২০১৯ সালে নরেন্দ্র মোদী ভ্লাদিভোস্টকে একটি অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন। গত সফরেই তিনি রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে ভারত সফরের আমন্ত্রণ জানান, যা ক্রেমলিন গ্রহণ করলেও এখনও তারিখ ঘোষণা হয়নি।
ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনের পরবর্তী অধিবেশন ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা। এ বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "তারিখ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ঠিক করা হবে। সর্বশেষ শীর্ষ সম্মেলন হয়েছিল মস্কোতে, যেখানে প্রধানমন্ত্রী মোদী যোগ দিয়েছিলেন"।
প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট পুতিনের মধ্যে নিয়মিত টেলিফোনে আলাপ হয়, এবং আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকেও তাঁরা বৈঠক করেন। তাঁদের এই পারস্পরিক সম্পর্ক দুই দেশের কৌশলগত বন্ধুত্বকে আরও মজবুত করে তুলছে। বিশ্লেষকদের মতে, মোদীর সম্ভাব্য মস্কো সফর রাশিয়া-ভারত সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিশা দেখাবে, বিশেষ করে বর্তমানে পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে তা আরও বেশি জোরদার হবে।












Click it and Unblock the Notifications