৭২ ঘণ্টার যুদ্ধ বিরতি, ভারতীয়দের সুদান থেকে সরিয়ে আনার বড় সুযোগ
গৃহযুদ্ধে জ্বলছে সুদান। গত কয়েকদিন ধরেই সুদানের অবস্থা অত্যন্ত অগ্নিগর্ভ। সরকার পক্ষের সঙ্গে বিদ্রোহীদের দফায় দফায় সংঘাতে তুমুল পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে আটকে রয়েছেন একাধিক ভারতীয়। তাদের ফেরাতে ইতিমধ্যেই তৎপর বিদেশমন্ত্রক।
এরই মাঝে সুযোগ তৈরি করে দিয়েছে সুদান। বিদেশীদের দেশছাড়া করতে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতীতে রাজি হয়েছে দুই পক্ষই। এই সুযোগে সুদানে আটকে থাকা ভারতীয়দের সরিয়ে আনতে হবে। গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে ব্রিটেন, আমেরিকা সহ একাধিক দেশের সঙ্গে আলোচনা করেছেন।

সুদানের পক্ষ থেকে জানানো হয়েছে আমেরিকা এবং সৌদি আরব বিদেশীদের সেখান থেকে সরাতে মধ্যস্থতা করতে পারে। মার্কিন বিদেশ সচিব দফায় দফায় সুদানের সঙ্গে আলোচনার পর তাঁরা এই প্রস্তাবে রাজি হয়েছে। এর আগে একাধিকবার সুদানের সঙ্গে এই নিয়ে আলোচনা হলেও তারা রাজি হয়নি।
গত ১৫ এপ্রিল থেকে শুরু হয়েছে সুদানে গৃহযুদ্ধ। ইতিমধ্যেই ৪২৭ জন মারা গিয়েছেন। হাসপাতাল থেকে বসবাসযোগ্য জায়গাগুলি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। কঠিন পরিস্থিতির মধ্যে সেখানে আটকে রয়েছেন ভারতীয়রা। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন সুদানে আটকে থাকা ভারতীয়দের নিরাপদে সরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

ইতিমধ্যেই সুদানে আটকে থাকা মার্কিন নাগরিকদের সরিয়ে আনতে তৎপর বাইডেন সরকার। তারা দুই পক্ষের সঙ্গেই আলোচনা শুরু করেছে। সেখান থেকে বিদেশী নাগরিকদের সরাতে যুদ্ধ বিরতির আর্জি জানিয়েছিল আমেরিকা। তাতে সম্মতি জানিয়েছে তারা।

এদিকে বোমা গুলি বর্ষণ এখনও চলছে সুদানে। কার্তুমের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ধোঁয়া উঠতে দেখা গিয়েছে। তার কাছেই রয়েছে সুদানের সেনা ছাউনি। সেখান থেকে গোলাগুলি বর্ষণের শব্দ শোনা গিয়েছে। এই পরিস্থিতিতে কোথা থেকে বিদেশীদের এয়ারলিফট করা হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ভারতীয়দের সুদান থেকে সরিয়ে আনার জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছে ব্রিটেন-আমেরিকা।












Click it and Unblock the Notifications