US Airstrikes in Yemen: ট্রাম্পের নির্দেশে হুথিদের বিরুদ্ধে লাগাতার এয়ারস্ট্রাইক, মৃত্যুপুরী ইয়েমেন
US Airstrikes in Yemen: গাজায় ইজরায়েল ও হামাসের যুদ্ধে প্যালেস্তাইনিদের সমর্থনে লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি জঙ্গিগোষ্ঠী। আর তারই পাল্টা জবাবে এবার ইরান সমর্থিত এই হুথি জঙ্গিদের সবক শেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর নির্দেশে ইয়েমেনে লাগাতার আকাশপথে হামলা চালাল আমেরিকা। এয়ারস্ট্রাইকে মৃত্যু হয়েছে কমপক্ষে ২৪ জনের।
আমেরিকার জাহাজের উপর আক্রমণ বন্ধ না করলে ইয়েমেনে মারণাত্মক হামলার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে হুথি জঙ্গি বাহিনীকে উদ্দেশ্য করে ট্রাম্পের সরাসরি হুমকি, "ইয়েমেনের খেল খতম। তাই অবিলম্বে আজ থেকেই ওদের আক্রমণ বন্ধ করা উচিত। যদি তা না করে, তাহলে তাদের উপর নরকের মতো পরিস্থিতি নেমে আসবে। এমন অবস্থা হবে, যা কোনওদিন চোখেও দেখেনি তারা।"

শনিবার সন্ধেয় ইয়েমেনে পরপর বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে হুথিরা। সৌদি আরবের সীমান্তে শক্ত ঘাঁটি রয়েছে হুথিদের। সেখানেই সানা ও সাডার উত্তর প্রান্তে আকাশপথে বিমান হামলা চালানো হয়। হুথিদের দ্বারা পরিচালিত ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রকের দাবি অনুযায়ী, এয়ারস্ট্রাইকে কমপক্ষে ২৪ জন মারা গিয়েছেন। সানায় ১৩ জন ও সাডায় মহিলা ও শিশু মিলিয়ে ১১ জন মারা গিয়েছেন।
পোস্টে ট্রাম্পের আরও দাবি, জলদস্যুদের উপদ্রব থেকে শুরু করে আমেরিকান জাহাজগুলির বিরুদ্ধে নানাতর সন্ত্রাস ও হামলা চালাচ্ছে হুথি জঙ্গিরা। অন্যান্য জাহাজ থেকে শুরু করে বিমান ও ড্রোনেও হামলা চালানো হচ্ছে। ট্রাম্প বলেন, হুথিদের বিরুদ্ধে তার পূর্বতন জো বাইডেনের প্রশাসন কার্যত কোনও পদক্ষেপই নেননি। নিয়ে থাকলেও তা খুবই দুর্বল ছিল। আর তাই সরাসরি রেয়াত না করে এয়ারস্ট্রাইকের পথ বেছে নিয়েছেন ট্রাম্প।
একইসঙ্গে ইরানকেও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবিলম্বে হুথিদের সাহায্য বন্ধ না করলে ইরানকেও জবাবদিহি করতে হবে বলে স্পষ্টতই জানিয়ে দেন ট্রাম্প। ইরানের প্রেসিডেন্টকে নাম না করেই ট্রাম্প বলেন, আমেরিকার সঙ্গে পাঙ্গা নিতে গেলে কড়া জবাব দেওয়া হবে। আমেরিকাবাসীকে ধমক চমক দিয়ে কাজ হবে না। আমেরিকা কিন্তু মিষ্টিমুখে সব মেনে নেবে না বলে জানিয়ে দেন ট্রাম্প।












Click it and Unblock the Notifications