একটি মাত্র মাছের দর উঠল ২৯ কোটি টাকা! টোকিওর নিলামে বিক্রি বিশাল ব্লুফিন টুনা, কী আছে ওই মাছে?
নতুন বছরের শুরুতেই চমক টোকিওতে। জাপানের ঐতিহ্যবাহী মাছের বাজারে ব্লুফিন টুনার নিলামে উঠল রেকর্ড দাম। প্রায় ২৪৩ কেজি ওজনের একটি ব্লুফিন টুনা বিক্রি হল ৫১০ মিলিয়ন ইয়েন (510 million yen)-এ, ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় ২৯ কোটি টাকা।

নববর্ষের দিনে এই বিশেষ নিলাম জাপানে শুভ সূচনার প্রতীক হিসেবে ধরা হয়। তাই নামী-দামি সুশি সংস্থাগুলির মধ্যে তুমুল দরকষাকষি চলতে থাকে। শেষ পর্যন্ত একটি সুশি সংস্থাই জিতে নিয়েছে এই বিশাল মাছটি। বাজারে তখন উৎসবের আবহ, ক্যামেরার ফ্ল্যাশ এবং উল্লাসে মুখর চারপাশ।
জাপানের খাবারের সংস্কৃতিতে ব্লুফিন টুনার এক অন্যরকমের কদর রয়েছে। সুশি (sushi) ও সাশিমি (sashimi)-র জন্য এই মাছের চাহিদা আকাশছোঁয়া। মাছটি নরম, চর্বিযুক্ত এবং স্বাদে অনন্য হওয়ার কারণে সবচেয়ে বেশি দাম পায়। পাশাপাশি অতিরিক্ত শিকার এবং পরিবেশগত সমস্যার কারণে ভালো মানের ব্লুফিন এখন খুব কম পরিমানে দেখা যায়, ফলে দামও লাফিয়ে বাড়ছে।
তবে, এই বছরের নিলাম আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। ২০১৯ সালে প্রায় ২৭৮ কেজির টুনা বিক্রি হয়েছিল প্রায় ১৯ কোটি টাকায়। গত বছর সেই দাম ছিল প্রায় ১২ কোটি। বিশেষজ্ঞদের মতে, পরিবেশগত চাপ এবং বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের চাহিদাই এই অস্বাভাবিক দামের মূল কারণ।
নববর্ষের প্রথম দিনে এই নিলাম এখন শুধু ব্যবসা নয়, জাপানের সংস্কৃতি এবং গর্বের প্রতীক হয়ে উঠেছে।












Click it and Unblock the Notifications