গুগল প্লাসের শীর্ষ পদ ছাড়লেন ভারতীয় বংশোদ্ভূত বিবেক গুনদোত্র

অসাধারণ মেধাবী বিবেক গুনদোত্র ১৯৬৮ সালের ১৪ জুন মুম্বইয়ে জন্মগ্রহণ করেন। মাদ্রাজ আইআইটি থেকে পাশ করে ১৯৯১ সালে যোগ দেন মাইক্রোসফটে। কর্তৃপক্ষের সঙ্গে মতভেদের কারণে ২০০৭ সালে তিনি যোগ দেন গুগলে। বিবেক গুনদোত্র তাঁর বিদেশি সহকর্মীদের কাছে 'ভিক' নামে পরিচিত। গুগলে যোগ দেওয়ার পরই তিনি উদ্ভাবন করেন গুগল প্লাস বা জি প্লাস। ফেসবুক বা টুইটারের মতো জনপ্রিয় না হলেও আজকের যুগে গুগল প্লাসের গুরুত্ব কিছু কম নয়। তাই উদ্ভাবনের পর থেকে তিনিই ছিলেন গুগল প্লাসের সর্বময় কর্তা। গুগলের সিইও ল্যারি পেজ পর্যন্ত তাঁকে সমীহ করে চলতেন।
গুগলের বিভিন্ন শীর্ষ পদে যে ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূতরা রয়েছেন, তাঁদের সঙ্গে কাজ করেছেন ভিক গুনদোত্র। যেমন, অ্যানড্রয়েড ও ক্রোম দেখভাল করেন সুন্দর পিচই, গুগল সার্চ দেখভাল করেন অমিত সিঙ্ঘল ও গুগলের বিজনেস অফিসার পদে রয়েছেন নিকেশ অরোরা। এঁদের সঙ্গে অন্তরঙ্গ বন্ধু হলেন বিবেক গুনদোত্র।
ভিক গুনদোত্র নিজের জি প্লাস পেজে লিখেছেন, "আট বছর কাজ করার পর আমি আজ গুগল ছাড়ার কথা ঘোষণা করছি। পরে কী করব, সেটা ভেবে আমি উত্তেজিত। কিন্তু সেটা বলার সময় আজ নয়। গত আট বছর কাজ করার স্মৃতি উদযাপন করতে চাই।" কেন এই হঠাৎ পদত্যাগ, সে কথা অবশ্য জানাননি তিনি।
এমন একজন স্তম্ভ সরে যাওয়ার খবরে পেশাদারিত্বের সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন গুগলের সিইও ল্যারি পেজ। তিনি বলেন, "শূন্য থেকে শুরু করে গুগল প্লাস বানিয়েছিল ভিক। এমন কিছু শুরু করার ক্ষেত্রে যে সাহস ও সামর্থ্য দরকার হয়, তা খুব কম লোকের থাকে। ওঁর কঠোর শ্রম এবং কর্মনিষ্ঠাকে আমি শ্রদ্ধা করি। গুগলের পর উনি যে পরবর্তী কাজে হাত দেবেন, তা নিশ্চয় সফল হবে। শুভেচ্ছা রইল।"
ল্যারি পেজের সৌজন্যে মুগ্ধ ভিক গুনদোত্র। তিনি বলেছেন, "আমি যখন ল্যারি পেজের নেতৃত্বের কথা চিন্তা করি, তখন বিহ্বল হয়ে পড়ি। গুগলের নানা মোবাইল অ্যাপ্লিকেশন থেকে শুরু করে গুগল প্লাস তৈরি করা, কোনও কিছুই সম্ভব হত না ল্যারির উৎসাহ এবং সমর্থন না থাকলে।"
গুগল সূত্রে খবর, বিবেক গুনদোত্রর জায়গায় গুগল প্লাসের দায়িত্ব নিতে চলেছেন ডেভিড ডেসব্রিস। ইনি ২০০৮ সাল থেকে গুগলের নানা বিভাগের দায়িত্ব সামলেছেন।












Click it and Unblock the Notifications