মহিলা কর্মীদের জন্য ১০ দিনের বিশেষ ছুটি বরাদ্দ করে নজির জোম্যাটোর
এই মহামারির মধ্যেও মানবিকতার নজির গড়ল ফুডটেক ইউনিকর্ন জোম্যাটো। শনিবার এই ফুড অ্যাপ থেকে ঘোষণা করে বলা হয়েছে যে তাদের সমস্ত মহিলা কর্মীদের (রূপান্তরকামী সহ) জন্য বছরে একবার ঋতুস্রাবের জন্য ১০ দিনের ছুটি বরাদ্দ করা হল।

সংস্থার মতে, মহিলা কর্মীরা প্রতিটি ঋতুস্রাবের জন্য একটি পিরিয়ড ছুটি নিতে পারেন। সংস্থা তাদের ব্লগ পোস্টে বলেছে, 'কেন ১০? অধিকাংশ মহিলাদের বছরে ১৪টি ঋতুস্রাব চক্র থাকে। সপ্তাহান্তে আপনার ঋতুস্রাব থাকার সম্ভাবনা সামঞ্জস্য করে পুরুষদের তুলনায় আপনি এখন যথাযথভাবে ১০ টি অতিরিক্ত ছুটি নিতে পারেন।’ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে সংস্থা এটা বোঝে যে পুরুষ ও মহিলার ভিন্ন শারীরিক গঠন ও তাদের বাস্তবতা আলাদা।
ঋতুস্রাবের ছুটির আবেদনের সঙ্গে কোনও লজ্জা বা কলঙ্ক যুক্ত হওয়া উচিত নয়। জোম্যাটোর কর্ণধার ও সিইও দীপিন্দর গোয়াল বলেন, 'আমি জানি ঋতুস্রাবের যন্ত্রণা খুব বেদনাদায়ক। যা মেয়েদের সহ্য করতে হয় এবং আমরা যদি জোম্যাটোতে সত্যিকারের সহযোগী সংস্কৃতি গড়ে তুলতে চাই তবে মহিলাদের সমর্থন করতে হবে।’
সংস্থা জানিয়েছে যে মহিলা কর্মীদের যদি ঋতুস্রাবের ছুটির প্রয়োজন হয় তবে যেন তাঁরা লজ্জা না পেয়ে তা যেন অভ্যন্তরীণ গ্রুপ বা ইমেলের মাধ্যমে জানায়। যদিও সংস্থার উদ্বেগের বিষয় হল এই বিশেষ ছুটিগুলি যেন কোনোভাবেই অপব্যবহার না হয় বা অন্য কোনও কাজের জন্য না নেওয়া হয়।












Click it and Unblock the Notifications