কেরলে ভূমিধসে মৃতের সংখ্যা আরও বাড়ল! সাহায্যের হাত বাড়িয়ে দিন, ওয়েনাড়ের পাশে দাঁড়ান আপনিও
কেরলের ওয়েনাড়ে ভূমিধসের কারণে মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এই প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা আড়াইশোর বেশি। এখনও প্রচুর মানুষ নিখোঁজ রয়েছে বলে জানা গিয়েছে। ফলে তাঁরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন বলেই আশঙ্কা করা হচ্ছে।
এছাড়াও বহু মানুষ আহত অবস্থায় রয়েছেন। স্থানীয় প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত তিন হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে ভারতীয় সেনা বাহিনী। এই বিপর্যয়ে ওয়েনাড়ের পাশে দাঁড়িয়েছে প্রশাসন।

কেরলের পাশে থাকার বার্তা দিয়েছে প্রতিবেশী তামিলনাড়ু। কেরলের ত্রাণ-তহবিলে পাঁচ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। উদ্ধার অভিযানে সহায়তার আশ্বাসও দেন তিনি। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।
বিজেপি কর্মীরা যাতে এই পরিস্থিতিতে সাহায্যের জন্য এগিয়ে আসেন, তা দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাকে নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী। তাঁর দফতরের তরফে মৃতদের পরিবারকে দু'লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে বলেও জানানো হয়েছে। কেরলের মুখ্যমন্ত্রী স্বয়ং তাঁর তহবিলের অর্থ ব্যয় করছেন এই ঘটনায় ওয়েনাড়কে সাহায্য করতে। এরপর আরও বেড়েছে মৃতের সংখ্যা।
এখনও পর্যন্ত ওয়েনাড়ে ভূমি ধসের কারণে অনন্ত ২৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাই শুধুমাত্র দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাই নন ওয়েনাড়ের এই বিপর্যয়ে তাঁদের পাশে দাঁড়ান আপনারাও। কেরলের ওয়েনাড়ের জন্য প্রার্থনা রইল ওয়ান ইন্ডিয়া বাংলার। ওয়েনাড় দ্রুত এই দুর্যোগ কাটিয়ে উঠুক। ঈশ্বরের কাছে এটাই এখন একমাত্র প্রার্থনা গোটা দেশের।
ওয়েনাড়ের পাশে দাঁড়াতে ক্লিক করুন এই লিঙ্কে-https://donation.cmdrf.kerala.gov.in/












Click it and Unblock the Notifications