‘ইসরায়েলে রয়েছে আমাদের ৫৬০০ যুবক’, ‘প্যালেস্তাইন’ নিয়ে খোঁচা দিয়ে প্রিয়াঙ্কাকে জানালেন যোগী
সোমবারই 'প্যালেস্তাইন' লেখা একটি ব্যাগ সংসদে নিয়ে এসে বিতর্কের ঝড় তুলেছিলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। যা নিয়ে বিরোধীরা একাধিক আক্রমণাত্মক ভাষায় মন্তব্য করেন কংগ্রেস নেত্রীকে। প্রিয়াঙ্কাকে এও শুনতে হয় যে তিনি 'মুসলিম তুষ্টি' করছেন।
এবার ফের এই বিষয়ে আক্রমণ শানালেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে আক্রমণ করেছেন তিনি।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই প্রসঙ্গে বলেন, "একজন কংগ্রেস নেতা সংসদে প্যালেস্তাইন লেখা একটি ব্যাগ নিয়ে ঘোরাফেরা করছিলেন। অথচ এখন আমরা উত্তর প্রদেশের যুবকদের ইজরায়েলে পাঠাচ্ছি। ইউপির ৫,৬০০-রও বেশি যুবক এ পর্যন্ত নির্মাণ কাজের জন্য ইসরায়েলে গিয়েছেন। প্রত্যেক যুবক বিনামূল্যে বাসস্থান এবং খাবার পাচ্ছেন। প্রতি মাসে দেড় লক্ষ বেতন পাচ্ছেন এবং সম্পূর্ণ নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে তাঁদের জন্যে"।
এদিন এই ভাবেই প্রিয়াঙ্কা গান্ধীকে কড়া ভাষায় জবাব দেন যোগী। সোমবার, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা সংসদে একটি ব্যাগ নিয়ে যান। যে ব্যাগের গায়ে লেখা ছিল 'প্যালেস্তাইন'। তাঁর এই ব্যাগ দেখেই বিরোধীরা দাবি করেন, যে তিনি ফিলিস্তিনিদের সমর্থন করেন।
ব্যাগের প্রতিক্রিয়ায়, বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর বলেন, "তিনি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে একটি শব্দও বলেননি। কিন্তু প্যালেস্তাইনের ব্যাগ দিয়ে একটি ফ্যাশন বিবৃতি দিতে চান"।
অবশ্য এক্ষেত্রে পাল্টা জবাবও দিয়েছেন কংগ্রেস নেত্রী। তিনি বলেন, "আমি কী পোশাক পরব তা কে ঠিক করবে? এটা সাধারণ পিতৃতন্ত্র, একজন মহিলা কে কী পরতে হবে তা নির্ধারণ করবে সেই মহিলায়, অন্য কেউ নয়"।
একই সাথে তিনি বলেন, "বাংলাদেশে সংখ্যালঘু ও হিন্দুদের বিরুদ্ধে যে নৃশংসতা চলছে, এ বিষয়ে কিছু করা উচিত। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করা উচিত এবং তাদের এই ধরনের অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করা উচিত"।
বিদেশ মন্ত্রকের একটি বিবৃতি অনুসারে, ভারত ৭ অক্টোবর, ২০২৩-এ ইসরায়েলে সন্ত্রাসী হামলা এবং চলমান ইসরায়েল-হামাস সংঘর্ষে বেসামরিক প্রাণহানির তীব্র নিন্দা করেছে। ফিলিস্তিনিদের প্রতি ভারতের নীতি দীর্ঘদিন একই।
এমইএ অনুসারে, ভারত নিরাপদ এবং স্বীকৃত সীমান্তের মধ্যে ফিলিস্তিনের একটি সার্বভৌম, স্বাধীন এবং কার্যকর রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে, ইসরায়েলের সাথে শান্তিতে পাশাপাশি বসবাসের জন্য একটি আলোচনার মাধ্যমে দুই-রাষ্ট্র সমাধানকে সমর্থন করতে চাইছে। তাই এর মধ্যে কংগ্রেস সাংসদের ব্যাগ বিতর্ক নতুন সমস্যার জন্ম দেবে বলেই মনে করছেন বিরোধীরা।












Click it and Unblock the Notifications