মাধ্যমিক স্কুলের জন্য ছাত্রছাত্রীদের হাজিরা এবার অনলাইনে! পরিকল্পনা উত্তর প্রদেশের যোগী সরকারের
মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য এবার অনলাইনে উপস্থিতির পরিকল্পনা উত্তর প্রদেশ সরকারের। এই প্রক্রিয়া চালু হলে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার বাড়ানো যাবে বলেও মনে করছে সরকার।
স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মীদের উপস্থিতি ঠিক রাখতে রয়েছে বায়োমেট্রিক ব্যবস্থা। তবে মাধ্যমিক স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের হাজিরা ঠিক রাখতে অনলাইন হাজিরার পরিকল্পনা উত্তর প্রদেশের যোদী সরকারের। স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যা কমে যাওয়ার প্রেক্ষিতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, অনলাইন ড্যাসবোর্ডের মাধ্যমে স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের উপস্থিতিতে নজরদারি করা হবে। যেসব ক্ষেত্রে ছাত্রছাত্রীরা প্রায় রোজ স্কুলে অনুপস্থিত থাকবে, সেক্ষেত্রে অনুপস্থিতির ব্যবধান কমানোর জন্য ব্যবস্থা নিতে পারবে। সেখানকার শিক্ষা দফতরের এক আধিকারিকের কথায় এই ড্যাশবোর়্ড সরকারি স্কুল ছুটের হার কমাতেও সাহায্য করবে।
রাজ্যের মাধ্যমিক শিক্ষামন্ত্রী গুলাব দেবী বিধানসভায় এক প্রশ্নের উত্তরে বলেছিলেন, সরকারি স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের অনলাইন উপস্থিতির ব্যবস্থা করা হবে।
এর আগে উত্তর প্রদেশ সরকারের তরফে স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের উপস্থিতি ঠিক রাখতে বায়োমেট্রিক স্ক্যানার চালু করেছিল। যেখানে সাফল্য পাওয়া গিয়েছে বলেও জানাচ্ছেন সরকারি আধিকারিকরা।
উত্তর প্রদেশ সরকারের ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, যোগী রাজ্য মাধ্যমিক স্কুলগুলি থেকে স্কুল ছুটের হার প্রায় ৯.৭ শতাংশ। স্কুল ছুট কিংবা ড্রপ আউট হল এমন সব ছাত্রছাত্রী, যাঁরা নির্দিষ্ট বছরে কোনও স্কুলে নথিভুক্ত হলেও, পরের বছরে কোথাও নথি ভুক্ত থাকে না। এটা উল্লেখ করা প্রয়োজন, উত্তর প্রদেশে মাধ্যমিক স্কুলগুলি থেকে উচ্চ মাধ্যমিক স্কুলে যাওয়া ছাত্রীছাত্রীদের সংখ্যাটা প্রায় ৮০.৪ শতাংশের মতো।
এর আগে উত্তর প্রদেশের বাজেটে স্কুলগুলির উন্নতিতে পিএম শ্রী প্রকল্পের সাহায্য নেওয়ার কথা জানিয়েছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন ১৭৫৩ টি স্কুলকে পিএম শ্রী প্রকল্পের অধীনে আপগ্রেড করা হবে। এই প্রকল্পের জন্য হাজার কোটি টাকা বরাদ্দের কথাও জানিয়েছিলেন তিনি। এই প্রকল্পের জন্য প্রতিটি ব্লক থেকে দুটি করে স্কুল নির্বাচন করছে উত্তর প্রদেশ শিক্ষা দফতর।












Click it and Unblock the Notifications