UP Budget 2023: ছাত্রছাত্রীদের বিনামূল্যে ফোন! পরিকাঠামোয় জোর যোগী সরকারের, রয়েছে আরও পরিকল্পনা
দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে দ্বিতীয় বাজেট পেশ করেছে উত্তর প্রদেশের যোগী সরকার। সেখানে পরিকাঠামোয় যেমন জোর দেওয়া হয়েছে। ঠিক তেমনই বিপুল চাকরির সুযোগ তৈরি হবে বলেও দাবি করা হয়েছে।
লক্ষ্য ২০২৪-এর লোকসভা নির্বাচনে সব থেকে বেশি আসনে জয়। গতবারের মতো ৮০-র মধ্যে ৬৪ নয়, পুরো ৮০ টিই। সেই লক্ষ্যে উত্তর প্রদেশের বাজেটে পরিকাঠামোর ব্যাপক বিনিয়োগের কথা বলা হয়েছে। বাজেটে রয়েছে ছাত্রছাত্রীদের কথাও।

বিধানসভায় বাজেট প্রস্তাব
উত্তর প্রদেশের অর্থমন্ত্রী সুরেশ খান্না বিধানসভা ও বিধান পরিষদের যৌথ অধিবেশনে বাজেট পেশ করেন। তিনি সেখানে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের অধীনে বিভিন্ন কর্মসূচির জন্য ১২,৬৩১ কোটি টাকার প্রস্তাব করেছেন। বিনিয়োগের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ১০ লক্ষ কোটি টাকা। বলা হয়েছে আগামী ৫ বছরে উত্তর প্রদেশের পর্যটনে ২০ হাজারের বেশি চাকরির সুযোগ তৈরি হবে।

জোর পরিকাঠামোয়, উল্লেখ ছাত্রছাত্রীদের কথাও
উত্তর প্রদেশের অর্থমন্ত্রী রাজ্যের পরিকাঠামো উন্নয়নে জোর দিয়েছেন। তিনি সেতু তৈরির জন্য ২১, ১৫৯ কোটি টাকার বেশি প্রস্তাব করেছেন। এছাড়াও রক্ষণাবেক্ষণের কাজের জন্য ৬২০৯ কোটি টাকার প্রস্তাব করেছেন। ছাত্রছাত্রীদের ট্যাবলেট আর স্মার্টফোন দিতে ৩৬০০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব করেছেন। স্বামী বিবেকানন্দ যুব ক্ষমতায়ন প্রকল্পের অধীনে ট্যাবলেট কিংবা স্মার্টফোন দেওয়া হবে।

বাজেটে আরও যেসব পরিকল্পনা
রাম জন্মভূমি মন্দির তৈরির ফলে পর্যটকের সংখ্যা বৃদ্ধির সম্ভাবনার প্রেক্ষিতে একাধিক প্রবেশপথ প্রশস্ত করা এবং সৌন্দর্যবৃদ্ধির কাজে অর্থ বরাদ্দ। এছাড়া ছটি জায়গায় পার্কিং লটের উন্নয়ন করা হচ্ছে। যে কাজ আগামী ২ বছরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। আগামী কয়েক বছরে রাজ্যে ৫ টি আন্তর্জাতিক বিমানবন্দর এবং ১৬ টি অভ্যন্তরীণ বিমানবন্দরকে কার্যকরী করে তোলা হবে। এইভাবে সব মিলিয়ে উত্তর প্রদেশে বিমানবন্দরের সংখ্যা হবে ২১ টি। কানপুর মেট্রো রেল এবং আগ্রা মেট্রো রেল প্রকল্পের জন্য যথাক্রমে ৫৮৫ কোটি টাকা এবং ৪৬৫ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। এছাড়াও বারাণসী, গোরখপুর এবং অন্য শহরে মেট্রো পরিষেবার জন্য ১০০ কোটি টাকার প্রস্তাব রাখা হয়েছে। ২০১৭ সালের আগে রাজ্যে যেখানে বেকারত্বের হার ছিস ১৪.৪ শতাংশ, এখন সেখানে তা ৪.২ শতাংশে নেমে এসেছে বলে দাবি করা হয়েছে।

আদিত্যনাথ সরকারের সপ্তম বাজেট
এবারে বাজেট বর্তমান যোগী সরকারের দ্বিতীয় এবং সামগ্রিকভাবে সপ্তম বাজেট। বাজেট পেশের আগে প্রথা মতো রাজ্যপাল ভাষণ দিয়েছেন। তারপর বাজেট পেশ হয়েছে। এরপর সোমবার থেকে বিধানসভা ও বিধান পরিষদের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের ভাষণের ওপরে ধন্যবাদসূচক আলোচনা শুরু হবে।
গতমাসে যোগী আদিত্যনাথ আশ্বাস দিয়েছিলেন বাজেট জনগণের আশা-আকাঙ্খা পূরণ করবে। এছাড়াও গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সংকল্প পত্রে দেওয়া প্রতিশ্রুতিও পূরণ করবে।












Click it and Unblock the Notifications