কুম্ভের সময়েই মিলবে পরিষেবা, গঙ্গা এক্সপ্রেসওয়ে নিয়ে আশার বাণী যোগী আদিত্যনাথের
মিরাট ও প্রয়াগরাজের মধ্যে সংযোগকারী গঙ্গা এক্সপ্রেসওয়ের পরিষেবা কুম্ভের আগেই পাবেন সারা দেশ ও বিশ্ববাসী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ জানিয়েছেন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে জমি অধিগ্রহণের কাজ। ২০২৪-এর ডিসেম্বরের মধ্যে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই এক্সপ্রেসওয়ে।
যোগী আদিত্যনাথ বলেন, ২০২৫ সালে কুম্ভ মেলা হবে প্রয়াগরাজে। সেই মেলায় পুণ্যার্থীরা গঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে আসতে পারবেন মেলায়। ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে গঙ্গা এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

তিনি আরো জানান, বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েতে দুটি লিঙ্ক এক্সপ্রেসওয়ে থাকবে। একটি যাবে চিত্রকূট এবং অন্যটি ঝাঁসি। যোগী আদিত্যনাথ রবিবার লখনউতে তাঁর সরকারি বাসভবনে একটি উচ্চ-পর্যায়ের বৈঠকে নির্মাণাধীন এবং নতুন এক্সপ্রেসওয়ে প্রকল্পগুলির পাশাপাশি শিল্প ও প্রতিরক্ষা করিডোরগুলির অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন।
তিনি বলেন, "দেশ ও বিশ্বের বড় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী সংস্থাগুলি উত্তরপ্রদেশের প্রতিরক্ষা শিল্প করিডোরে বিনিয়োগ করছে। শীঘ্রই এটি প্রতিরক্ষা উৎপাদনের একটি কেন্দ্রে পরিণত হবে। প্রতিরক্ষা করিডোরে ২১ হাজার কোটিরও বেশি বিনিয়োগ করা হয়েছে।
আদিত্যনাথ বলেন, ব্রহ্মোস অ্যারোস্পেস, লখনউ নোডে এরোলয় টেকনোলজিস লিমিটেড, ঝাঁসি নোডে ভারত ডায়নামিক্স লিমিটেড, কানপুর নোডে আদানি ডিফেন্স সিস্টেম, এমিটেক ইলেকট্রনিক্স এবং আলিগড় নোডে অ্যাঙ্কর রিসার্চ লিমিটেডের মতো বড় কোম্পানিগুলি তাদের ইউনিট স্থাপন করছে। তিনি জানান, নতুন বিনিয়োগের প্রস্তাব নিয়েও আলোচনা চলেছে।

বুন্দেলখণ্ড অঞ্চলের সঙ্গে চিত্রকূট ও ঝাঁসিসংযুক্তকারী দুটি নতুন লিঙ্ক এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে। তা বুন্দেলখণ্ড অঞ্চলের অগ্রগতি ত্বরান্বিত করবে। পূর্বাচল এবং বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে বরাবর শিল্প ক্লাস্টারগুলির বিকাশকে গতি দেয়। গঙ্গা এক্সপ্রেসওয়েকে কেন্দ্র করে শিল্প ক্লাস্টার গড়ে তোলা হবে।
যোগী আদিত্যনাথের কথায়, "প্রধানমন্ত্রীর নির্দেশে উত্তরপ্রদেশে সড়ক পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে অভূতপূর্ব কাজ করা হয়েছে। ২০১৭ সাল পর্যন্ত এই রাজ্যে মাত্র দুটি এক্সপ্রেসওয়ে ছিল। বর্তমানে ছয়টি এক্সপ্রেসওয়ে আছে। জাতীয় মহাসড়কের নেটওয়ার্কও দ্বিগুণ করা হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে উত্তরপ্রদেশের সীমান্ত সংযোগ উন্নত হয়েছে আগের তুলনায়। আজ উত্তরপ্রদেশ এক্সপ্রেসওয়ে রাজ্য হিসাবে পরিচিত। গোরখপুর লিংক এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ চলছে। মানুষের চাহিদার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েকে ঝাঁসি এবং চিত্রকূটের সাথে সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
প্রাথমিক সমীক্ষা অনুসারে, চিত্রকূট লিঙ্ক এক্সপ্রেসওয়ে প্রায় ২০ কিলোমিটার এবং ঝাঁসি লিঙ্ক এক্সপ্রেসওয়ে প্রায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার হবে। দুটি নতুন এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য ডিপিআর তৈরি করে যত তাড়াতাড়ি সম্ভব জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications