ফের পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করবে ভারত! কারণ ব্যাখ্যা খোদ যোগীর
যোগী আদিত্যনাথ জানালেন, ফের রাম মন্দির তৈরির বিরুদ্ধে কথা বললে ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে মাসুদ আজহারকে খতম করে আসবে।
জঈশ ই মহম্মদ জঙ্গি গোষ্ঠীর প্রধান মৌলানা মাসুদ আজহার কয়েকদিন আগে ভারতকে রাম মন্দির নিয়ে হুঁশিয়ারি দিয়েছিল। এক ভিডিও বার্তায় বলে, রাম মন্দির তৈরি হলে ভারতে ফের ধ্বংসলীলা হবে। পাশাপাশি বাবরি মসজিদের জমিতে ফের মসজিদের দাবিতে এই জঙ্গি সরব হয়। এর প্রেক্ষিতেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানালেন, ফের রাম মন্দির তৈরির বিরুদ্ধে কথা বললে ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে মাসুদ আজহারকে খতম করে আসবে।

রাজস্থানে ভোটের প্রচারে গিয়ে যোগী বলেন, অযোধ্যায় রাম মন্দির তৈরি করতে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ। যদি মাসুদ আজহার হুমকি দেয় তাহলে দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইক হবে। ওর মতো জঙ্গিকে নিকেশ করা হবে।
কয়েকদিন আগে এক বার্তায় মাসুদ বলেছে, বাবরি মসজিদ আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আমাদের ভীরুতা ও পাপের জন্য এটা হয়েছে। অমুসলিমরা রাম মন্দির গড়তে চাইছে। তাদের হাতে তলোয়ার রয়েছে। যা দেখে মুসলমানরা ভয় পেয়েছে। তাই বাবরি মসজিদের বিষয়টি মুসলমানদের জন্য অগ্নিপরীক্ষা। ভারত রাম মন্দির বানাতে চাইলে ধ্বংসলীলা হবে বলে হুমকি দিয়েছে মাসুদ আজহার। এমনকী ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকি দিতে দেখা গিয়েছে ভিডিওতে।
আন্তর্জাতিক এই জঙ্গি জানায়, হাজার হাজার সৈনিক তৈরি রয়েছে। বাবরি মসজিদ ফের তৈরি করতে হবে। আমাদের সম্মানকে বাঁচাতেই হবে। বাবরি মসজিদের জায়গায় অন্য কিছু তৈরি করতে দেওয়া যাবে না। মুসলমানরা আত্মাহুতির জন্য তৈরি। আমাদের বাবরি মসজিদ ফেরত দাও। মুসলমান সমাজের সম্মান ফেরত দাও।
ঘটনা হল, যত নির্বাচন যাচ্ছে, বা লোকসভা নির্বাচন এগিয়ে আসছে, ততই রাম মন্দির ইস্যু বড় আকার নিচ্ছে। আগামিদিনে রাজনৈতিকভাবে এই ইস্যুই সবচেয়ে বড় হয়ে উঠতে চলেছে সন্দেহ নেই।












Click it and Unblock the Notifications