ভোটের পরে প্রথম সফরে অযোধ্যাকে রাম মূর্তি উপহার দেবেন যোগী
একদিকে যখন শিবসেনা সুপ্রিমো অযোধ্যা সফরের ডাক দিয়েছেন, ঠিক অন্যদিকে অযোধ্যাকে রাম মূর্তি উপহার গিতে চলেছেন সঙ্ঘ ঘনিষ্ঠ বিজেপি নেতা এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
ভোট মিটতেই শুরু হয়ে গিয়েছে অযোধ্যা পর্ব। একদিকে যখন শিবসেনা সুপ্রিমো অযোধ্যা সফরের ডাক দিয়েছেন, ঠিক অন্যদিকে অযোধ্যাকে রাম মূর্তি উপহার গিতে চলেছেন সঙ্ঘ ঘনিষ্ঠ বিজেপি নেতা এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জানা গিয়েছে সাত ফুট দীর্ঘ কাঠের রামমূর্তির উদ্বোধন করবেন তিনি।

অযোধ্যা রিসার্চ ইনস্টিটিউটে সেই রাম মূর্তি বসানো হবে। মূর্তির হাতে থাকবে ধনুক। সম্পূর্ণ কাঠের এই রামমূর্তিটি তৈরি করেছেন কর্নাটকের এক রাষ্ট্রপতি পুরস্কার জয়ী শিল্পী। রাম জন্মভূমি ন্যায়াসের প্রধান মহন্ত নিত্যগোপাল দাস জানিয়েছেন রামের এই ধনুর্ধর মূর্তিটি দক্ষিণভারতে পূজিত হয়। যাকে কদম্ব রাম বলা হয়। সেই মূর্তি স্থাপন করা হবে। রাম তীর্থ প্রশাসনের তরফে জানানো হয়েছে, দু বছর আগে কর্নাটকের একটি মিউজিয়ামে এই ধরনের মূর্তি দেখেছিলেন তাঁরা। তখনই শিল্পীকে আযোধ্যার জন্য রামের মূর্তি তৈরির কথা বলা হয়েছিল।
সেদিন অনুষ্ঠানে মূর্তি উদ্বোধনের পাশাপাশি রামের ছবি দেওয়া একটি ডাকটিকিটেরও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
উদ্বোধনী অনুষ্ঠান সেরে যোগী অযোধ্যার উন্নয়নমূলক কাজের গতি খতিয়ে দেখবেন। অযোধ্যার উন্নয়নে বিপুল অর্থ বরাদ্দ করেছে যোগী সরকার। রাম কি পৌরি, বাসস্ট্যান্ড, গুপ্তারঘাট পরিদর্শন করবেন তিনি। যোগী মুখ্যমন্ত্রী হওয়ার পরেই অযোধ্যায় সরযূ নদীর তীরে ২২১ ফুট দীর্ঘ একটি রামের মূর্তি তৈরির কথা ঘোষণা করেছিলেন। তার আগে সাত ফুট দীর্ঘ মূর্তির উদ্বোধন করে নিজের সেই প্রতিশ্রুতির কথা অযোধ্যাকে মনে করিয়ে দিতে চান বলে মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications