হিন্দুত্বের বিশ্বাসকে উপহাস করছে কংগ্রেস, কর্নাটকের নির্বাচনী প্রচারে গর্জে উঠলেন যোগী
কর্নাটকের নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেসকে একহাত নিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার তিনি কংগ্রেসকে নিশানায় বললেন, হিন্দুত্বের বিশ্বাসকে উপহাস করছে কংগ্রেস। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে বজরং দলকে সমান করার অর্থ দেশবিরোধীদের সমর্থন করা। সাফ জানিয়ে দিলেন যোগী।
কংগ্রেসকে প্রকারান্তরে দেশবিরোধী আখ্যা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর কথায়, কংগ্রেস বজরং দলকে নিষিদ্ধ করার প্রস্তাব দিয়ে হিন্দুত্বের বিশ্বাসকে উপহাস করছে। কংগ্রেসের এই প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় সহ্য করবে না। যারা 'এক ভারত, মহান ভারত' পছন্দ করে না, তারা পিএফআই-এর মতো দেশবিরোধী সংগঠন।

কর্নাটকের চিক্কামাগালুরু জেলায় বিজেপির এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন যোগী আদিত্যনাথ। সেখানেই কংগ্রেসের ইস্তেহারের সমালোচনায় মুখর হন তিনি। তিনি বলেন, কর্নাটক বিধানসভা নির্বাচনের ইস্তেহারে কংগ্রেস বলেছে, জাতি এবং ধর্মের ভিত্তিতে সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ছড়ানো ব্যক্তি এবং সংস্থাগুলির বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
কংগ্রেস প্রস্তাব আকারে জানিয়েছ, "আমরা বিশ্বাস করি যে আইন এবং সংবিধান পবিত্র এবং বজরং দল, পিএফআই বা অন্যরা ঘৃণা ও বিদ্বেষ প্রচার করে। এমন ব্যক্তি বা সংস্থাকে তারা আমল দেবে না, তা সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যেই হোক না কেন। আমরা এই ধরনের সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ-সহ আইন অনুসারে সিদ্ধান্তমূলক ব্যবস্থা নেব।"

কংগ্রেসের এহেন প্রস্তাবের বিরোধিতা করে যোগী আদিত্যনাথ বলেন, "আমিভগবান রামের দেশ উত্তরপ্রদেশ থেকে কর্নাটকের হনুমানের দেশে এসেছি। দুই রাজ্যের মধ্যে বন্ধন সুদৃঢ় করাই আমাদের লক্ষ্য। উভয় রাজ্যই 'এক ভারত, মহান ভারত' ধারণার প্রমাণ। কিন্তু যারা এটি পছন্দ করেন না, তারা কোথাও নিষিদ্ধ পিএফআইয়ের মতো অসামাজিক এবং দেশবিরোধী সংগঠনকে উৎসাহিত করে।"
তিনি আরও বলেন, "যাঁরা পিএফআইয়ের সঙ্গে একই সঙ্গে বজরং দলকে নিষিদ্ধ করতে চায়, তাঁরা কি দেশবিরোধী নয়? যে সংস্থাগুলি দেশপ্রেম এবং সমাজসেবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তাদের বিরোধিতা করছে কংগ্রেস।" তিনি বলেন, অযোধ্যায় রামমন্দির ইস্যুটি ৫০০ বছরেরও বেশি সময় ধরে অমীমাংসিত ছিল। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে তা সমাধান করা হয়েছিল।

এদিন ভগবান হনুমান এবং ভগবান শিবের নামে জয়ধ্বনি দিয়ে 'জয়কারা বীর বজরঙ্গি ও হর হর মহাদেব' স্লোগান তুলতে বাধ্য করেন। তারপরে জনতাকেও স্লোগান তুলতে বলেন। তিনি বলেন, কর্নাটকে যখন কংগ্রেস এবং জেডিএস সরকার ক্ষমতায় ছিল তখন পিএফআইকে উৎসাহিত করা হয়েছিল।
যোগীর কথায়, এখন বিজেপির 'ডাবল-ইঞ্জিন সরকারে' শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তা রয়েছে। কর্নাটকের ডাবল ইঞ্জিন সরকার পিএফআইকে নিষিদ্ধ করেছে। তাই কংগ্রেস বজরং দলকে নিষিদ্ধ করতে চাইছে পিএফআইয়ের সঙ্গে একই বন্ধনীতে রেখে। এদিন তিনি কর্নাটকের জনগণকে আগামী বছরের জানুয়ারিতে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান।












Click it and Unblock the Notifications