Yogi Adityanath: ‘যৌতুক নেওয়া দূর করতে গণবিবাহই মূল মাধ্যম’: যোগী
উত্তরপ্রদেশে দারিদ্র নারীদের গণবিবাহের প্রকল্প চালু করা হয়েছে অনেক আগে থেকেই। বৃহস্পতিবার গোরক্ষপুরে চম্পা দেবী পার্কের মাঠে আয়োজিত হয় গণবিবাহ অনুষ্ঠান। আর সেখানেই বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জানান, যদি সমাজ থেকে যৌতুক নেওয়ার প্রবণতা বন্ধ করতে হয় তাহলে গণবিবাহই হল মূল মাধ্যম।
উত্তর প্রদেশের সমাজকল্যাণ দপ্তর থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, চার ঘণ্টা ধরে চলেছে এই অনুষ্ঠান। মোট ১৪৩২ জন দম্পতি এদিন গাঁটছড়া বাঁধেন, তাঁদের মধ্যে ৬৮ জনই সংখ্যালঘু। তিনি এও জানান, সরকার নারীদের বিয়ে, নিরাপত্তা নিয়ে ভাবেন, তাঁদের পাশে সরকার রয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, গত ছয় বছরে ২ লক্ষ দম্পতিকে গণবিবাহ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ দেওয়া হয়েছে। যোগী আরও জানান, গোরক্ষপুরে খুব তাড়াতাড়ি মহিলাদের জন্য পিএসি ব্যাটেলিয়ন তৈরি করা হবে।
মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি সরকারের মিশন শক্তি ও কন্যা সুমঙ্গল প্রকল্প মহিলাদের ক্ষমতায়ণে কাজে লাগবে। উত্তরপ্রদেশে মহিলা পুলিশের জন্য আরও ২০ শতাংশ সিট সংরক্ষিত রয়েছে। ১৯৪৭ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত উত্তরপ্রদেশে মহিলা পুলিশের কর্মী সংখ্যা ছিল ১০ হাজার, বর্তমানে যা বেড়ে হয়েছে ৪০ হাজার।
মেয়েদের ও মহিলাদের মর্যাদা অক্ষুণ রাখার জন্য প্রধানমন্ত্রী মিশন মোডে কাজ করেছিলেন, যা জন্য যোগী নরেন্দ্র মোদীর প্রশংসা করেন। যোগী জানান, ২০১৭ সাল আগে প্রতিটি বিয়েতে আগে নারীদের ৩১ হাজার টাকা করে দেওয়া হতো তবে বিজেপি ক্ষমতায় আসার পর টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজারে। এদিন প্রতিটি যোগ্য ব্যক্তিকে আয়ুস্মান কার্ড দেওয়ায় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যাদের এখনও স্বাস্থ্যসাথী কার্ড নেই তাঁদের চিকিৎসার দিকে নজর দিচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী।
গণবিবাহ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছাড়াও উপস্থিত ছিলেন ৭০০ জন। সেখানে উপস্থিত ব্যক্তিদের সমস্যার কথা শোনেন তিনি। উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার মানুষ। যোগী গোরক্ষনাথ মন্দিরের গৌশালায় যান এবং সেখানকার গবাদি পশুকে গুড় খাওয়ান।












Click it and Unblock the Notifications