Yogi Adityanath: ২০২৪-র লোকসভা ভোটের আগে মন্ত্রিসভায় রদবদল, কাদের সামনে আনবেন যোগী
সামনেই ২০২৪-র লোকসভা ভোট। তার আগে মন্ত্রিসভার সম্প্রসারণ করতে চলেছেন যোগী আদিত্যনাথ। সূত্রের খবর তাঁর মন্ত্রিসভায় ওবিসি নেতাদের নিেয় আসবেন তিনি। ২০২২ সালের ২৫ মার্চ দ্বিতীয়বার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পদে বসেছিলেন যোগী। তারপর থেকে আর মন্ত্রিসভায় কোনও রদবদল করা হয়নি।
জানা গিয়েছে ২০২৪-র লোকসভা ভোটের আগে নতুন করে নিজের মন্ত্রিসভা সাজিয়ে তুলতে চাইছেন তিনি। বলা ভাল নিজের মন্ত্রিসভার সম্প্রসারণ করতে চাইছেন যোগী আদিত্যনাথ। মোট ৫২ জন মন্ত্রী রয়েছেন যোগীর। তার মধ্যে ১৮ জন মন্ত্রিসভায় রয়েছেন। তাতে রয়েছেন উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য , ব্রজেশ পাঠক। এছাড়া ১৪ মন্ত্রী স্বাধীন দফতরের দায়িত্বে রয়েছেন। আর প্রতিমন্ত্রী রয়েছেন ২০ জন।

সম্প্রতি এনডিএতে যোগ দিয়েছেন সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির প্রধান ওম প্রকাশ রাজভর। তাঁর পার্টির ৬ বিধায়ক রয়েছেন বিধানসভায়। এছাড়া সমাজবাদী পার্টি থেকে বিজেপিতে যোগদান করেছেন দারা সিং চৌহ্বান। মনে করা হচ্ছে ২০২৪-র লোকসভা ভোটের আগে নতুন মন্ত্রিসভার সম্প্রসারণে সেই সব নেতাদের অন্তর্ভুক্ত করা হবে।
মনে করা হচ্ছে লোকসভার বাদল অধিবেশনের পরেই এই মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন যোগী আদিত্যনাথ। লোকসভা ভোটের কথা মাথায় রেখেই মন্ত্রিসভার এই সম্প্রসারণ করা হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। সেকারণেই যোগী আদিত্যনাথ মেপে পা ফেলছেন এখন। নতুন মন্ত্রিসভায় ওবিসি নেতাদের সংখ্যা বাড়ানো হবে বলে সূত্রের খবর।












Click it and Unblock the Notifications