Yogi Adityanath: হিংসার আগুনে ঘি ঢালছে বিরোধীরা! মুর্শিদাবাদ নিয়ে মমতার সরকারকে তুলোধনা যোগীর
Yogi Adityanath: ওয়াকফ আইনের বিরোধিতায় দিকে দিকে হিংসার জন্য এবার বিরোধীদের দায়ী করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিরোধী ইন্ডি জোট ইচ্ছে করে হিংসায় প্ররোচনা দিচ্ছে বলে অভিযোগ যোগীর। ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদের নামে অগ্নিগর্ভ এরাজ্যের মুর্শিদাবাদও। রবিবার লখনউতে একটি জনসভা থেকে মুর্শিদাবাদ প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তুলোধনা যোগীর।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, মুর্শিদাবাদ জেলায় অশান্তির জেরে বাবা-ছেলে সহ তিনজন হিন্দু মারা গিয়েছে। অশান্তি উসকে দিচ্ছে বিরোধীরা। যোগীর প্রশ্ন, "এরা কারা? এরাই সেই সমস্ত দলিত, বঞ্চিত গরিব শ্রেণী, যারা ওয়াকফ আইনের জন্য লাভবান হবেন।" যোগীর আরও দাবি, কোনও আইনি কাগজ ছাড়াই একর একর জমি কবজা করা হয়েছে। আর এখন সরকার পদক্ষেপ করতেই হিংসা ছড়িয়ে দেওয়া হচ্ছে।

যোগী বলেন, "জবরদখলকারীদের কাছে না আছে কোনও বৈধ কাগজ, না কোনও রেভিনিউ রেকর্ড। যবে থেকে ওয়াকফ সংশোধনী বিল পাস হয়েছে, তবে থেকে হিংসায় প্ররোচনা দেওয়া হচ্ছে।" নাগরিকত্ব সংশোধনী আইন জারির সময় প্রতিবাদের কথাও টেনে আনেন যোগী। সিএএ প্রতিবাদের সময়ও কংগ্রেস ও সমাজবাদী পার্টি হিংসার আগুনে ঘি ঢেলেছিল বলে অভিযোগ যোগী আদিত্যনাথের।
প্রসঙ্গত, অগ্নিগর্ভ মুর্শিদাবাদে এবার আফস্পা জারির দাবি তুললেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত। পুরুলিয়ার বিজেপি সাংসদের দাবি, রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা দেওয়া হোক। এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও লিখেছেন বিজেপি সাংসদ।
ওয়াকফ আইনের বিরোধিতার নামে মুর্শিদাবাদে তাণ্ডব চালানো হয়েছে। ব্যাপক ভাঙচুর থেকে শুরু অগ্নিসংযোগ, এমনকী ৩ জনের মৃত্যু পর্যন্ত ঘটেছে। বিশেষ করে রাজ্যের চার জেলা তথা মুর্শিদাবাদ, মালদহ, নদিয়া ও দক্ষিণ ২৪ পরগনায় সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা প্রদান অর্থাৎ আফস্পা জারির আবেদন করেন জ্যোতির্ময় সিং মাহাত।












Click it and Unblock the Notifications