Yogi Adityanath: প্রয়াগরাজের সঙ্গে সংযুক্ত হবে মিরাট! গঙ্গা এক্সপ্রেসওয়ের কাজ শেষ করতে নতুন সময়সীমা যোগীর
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) গঙ্গা এক্সপ্রেসওয়ের কাজ সময় মতো শেষ করতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। ২০২৪-এর ডিসেম্বরের সময়সীমা দিয়েছেন তিনি। গঙ্গা এক্সপ্রেসওয়ে প্রয়াগরাজের সঙ্গে মিরাটকে সংযুক্ত করবে। এই সময়সীমা মুখ্যমন্ত্রী করেছেন, উচ্চপর্যায়ের বৈঠকে।
মুখ্যমন্ত্রী উচ্চপর্যায়ের বৈঠকে রাজ্যে চালু থাকা এক্সপ্রেসওয়ের অগ্রগতির পর্যালোচনা করার পাশাপাশি শিল্প ও প্রতিরক্ষা করিডরগুলির উন্নয়ন কাজের পর্যালোচনাও করেছেন। গঙ্গা এক্সপ্রেসওয়ে ৫৯৪ কিমি দীর্ঘ ছয় লেনের। ২০২১-এর ডিসেম্বরে প্রধানমন্ত্রী এর কাজের সূচনা করেছিলেন শাহজাহানপুরে। মুখ্যমন্ত্রীর সময়সীমা উল্লেখ করার কারণ হল ২০২৫-এ প্রয়াগরাজের কুম্ভ মেলা।

দেশ তথা বিশ্বের ভক্তদের সুবিধার্থে মুখ্যমন্ত্রীর এই সময়সীমা বলে জানা গিয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী (Yogi Adityanath) গঙ্গা এক্সপ্রেসওয়ে বরাবর একটি শিল্প ক্লাস্টারের পরিকল্পনা নিয়েও আলোচনা করেন সরকারি আধিকারিকদের সঙ্গে। ইতমধ্যে মিরাট ও প্রয়াগরাজ সংযোগকারী এই এক্সপ্রেসওয়ের জন্য তমি অধিগ্রহণের কাজ সম্পূর্ণ হয়েছে।
গঙ্গা এক্সপ্রেসওয়ে মিরাট থেকে শুরু হয়ে হাপুর, বুলন্দশহর, আমরোহা, সম্ভল, বদাউন, শাহজাহানপুর, হারদোই, উন্নাও, রায়বরেলি, প্রতাপগড়, প্রয়াগরাজ এই বারো জেলার মধ্যে দিয়ে যাবে। ভৌগলিকভাবে তা পূর্ব থেকে পশ্চিমকে যুক্ত করবে।

রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী (Yogi Adityanath) পরবর্তী পর্যায়ের এই এক্সপ্রেসওয়েকে প্রসারিত করার পরিকল্পনা ইতিমধ্যেই করে ফেলেছে। মিরাট থেকে টাইগরি ১১০ কিমি এবং প্রয়াগরাজ থেকে বালিয়ে ৩১৪ কিমি নতুন রাস্তা তৈরি করা হবে। এব্যাপারে উত্তরপ্রদেশ এক্সপ্রেসওয়েজ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি কাজ শুরু করেছে।
এই এক্সপ্রেসওয়ের কাজ সম্পূর্ণ হলে দিল্লি থেকে প্রয়াগরাজ ১০-১১ ঘন্টার পরিবর্ততে ৬-৭ ঘন্টার মধ্যে ভ্রমণ করা যাবে। এছাড়া শাহজাহানপুরে বিমান বাহিনীর বিমানের জরুরি উড়ান এবং অবতরণের সুবিধার জন্য ৩.৫ কিমি দীর্ঘ একটি এয়ার স্ট্রিপও তৈরি করা হবে।












Click it and Unblock the Notifications