সাইবার ক্রাইম বিভাগকে শক্তিশালী করার উদ্যোগ যোগী আদিত্যনাথের, শূন্যপদ পূরণ শীঘ্রই
রাজ্য পুলিশের সাইবার ক্রাইম বিভাগকে আরও শক্তিশালী করতে উদ্যোগ নিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই মর্মে তিনি সাইবার ক্রাইম বিভাগকে নতুন ভবন দেওয়ার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। শুক্রবার সাইবার শাখার একটি পর্যালোচনা সভায় তিনি এই সিদ্ধান্ত জানান।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্য পুলিশের সাইবার শাখার শূন্য পদ পূরণের জন্য একটি নীলনকশা তৈরি করতে বলেন আধিকারিকদের। তার প্রথম পদক্ষেপ হিসেবে সাইবার ক্রাইম বিভাগ নিজস্ব প্রশাসনিক ভবন দেওয়ার পরিকল্পনা করেন তিনি।

তাঁর মতে, একটা নিজস্ব প্রশাসনিক ভবন থাকলে সাইবার ক্রাইম সংক্রান্ত মামলা এবং তার তদন্ত সংক্রান্ত যাবতীয় কার্যক্রম আরও ভালোভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। সেজন্যই সাইবার শাখার আধিকারিকদের সঙ্গে তিনি এদিন বৈঠক করেন। সেই বৈঠকে মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছিল নতুন ভবনের আর্জি।
সাইবার ক্রাইমের অফিসাররা জানিয়েছিলেন ২০২০ সালে সাইবার ক্রাইমের ১১৭৭০টি মামলা নথিভুক্ত করা হয়েছিল। সেখানে ২০২২ সালে প্রায় সাত হাজার মামলা নথিভুক্ত হয়েছিল। ২০২৩ সালে মার্চ পর্যন্ত মাত্র ১৫০০টি মামলা নথিভুক্ত করা হয়েছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জিরো টলারেন্স নীতি নিয়েছেন।

তিনি বলেন, জিরো-টলারেন্স নীতির অধীনে সাইবার ক্রাইম বিভাগটিকে ১০০ শতাংশ পর্যন্ত সাইবার অপরাধ দমনের ব্যবস্থা করতে হবে। সেজন্য তাঁর সরকার একটি নীলনকশা তৈরি করছে। যাতে এই পদক্ষেপটি ত্বরান্বিত করা যায়, সে ব্যাপারে তৎপর প্রধানমন্ত্রী স্বয়ং।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, "এমন পরিস্থিতিতে সাইবার অপরাধ দমনের জন্য প্রশাসনিক ভবনের প্রয়োজন। সেই প্রয়োজনীয়তা পূরণের জন্য ব্যবস্থা করা হবে। এর পাশাপাশি, শূন্য পদ পূরণ করা হবে। সাইবার ক্রাইমের তদন্ত চালাতে সদর দফতরে একটি উন্নত সাইবার ফরেনসিক ল্যাব তৈরি করা হবে বলে তিনি জানান।
সেই সাইবার ক্রাইম দফতরে অত্যাধুনিক যন্ত্রপাতি থাকবে। আঞ্চলিক সাইবার ক্রাইম স্টেশনগুলিতে সাইবার ফরেনসিক ল্যাব তৈরির পরিকল্পনাও গৃহীত হয়েছে। প্রতিটি জেলায় সাইবার ক্রাইম স্টেশন স্থাপনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে সমস্ত বিবরণ প্রস্তুত করে সরকারের কাছে হস্তান্তর করার জন্য অফিসারদের নির্দেশ দিয়েছেন।

এদিনের পর্যালোচনা সভায় আধিকারিকরা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে জানান, বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার থেকে কম্পিউটার অপারেটর মিলিয়ে মোট ৩৭৩টি পদ খালি রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপারের ৩টি, উপ-পুলিশ সুপারের ৭টি পদ, ইন্সপেক্টরের ৭৫টি, সাব-ইন্সপেক্টরের ৭৫টি, হেড কনস্টেবলের ২৩টি, কনস্টেবলের ১২৮টি, কনস্টেবলের ২৩টি পদ খালি রয়েছে।
এছাড়া ড্রাইভার, ফলোয়ারের ৭টি ও কম্পিউটার অপারেটরের ৩৩২টি পদ শূন্য রয়েছে। এই বিষয়ে যোগী আদিত্যনাথ সমস্ত পদ পূরণের বার্তা দিয়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব সরকারের কাছে হস্তান্তর করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, যাতে এই পদগুলির জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করা যায়।












Click it and Unblock the Notifications