সনাতন ধর্মকে ‘বটবৃক্ষ’ বলে আখ্যা দিলেন যোগী আদিত্যনাথ, বললেন ‘ঝোপের সাথে এর তুলনা হয় না’!
মহাকুম্ভে হয়ে গেল বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত বিশেষ 'সন্ত সম্মেলন'। এই সম্মেলনের মুখ্য বক্তা ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে সনাতন ধর্ম নিয়ে বিশেষ বার্তা দেন তিনি। সনাতন ধর্মের গুরুত্ব তুলে ধরে এবং তার স্থায়িত্বের প্রতীক হিসেবে 'বটবৃক্ষ' এর সাথে তুলনা করে তিনি সনাতন ধর্মের দীর্ঘস্থায়ী প্রকৃতিকে তুলে ধরেছেন।
সনাতন ধর্মকে 'বটবৃক্ষ' হিসেবে উল্লেখ করে যোগী এর গভীরতা, স্থায়িত্ব এবং সর্বব্যাপী প্রকৃতি ব্যাখ্যা করেছেন। তিনি সতর্ক করে বলেছেন যে, অধৈর্যতা বা সাময়িক মনোভাব সনাতন ধর্মের প্রকৃত মূল্য বা সমাধান আনতে পারে না।

এর সাথেই তিনি বলেন, "মহাকুম্ভকে বিশ্বাস এবং আধুনিকতার সঙ্গম হিসেবে তুলে ধরা হয়। পুরো বিশ্ব ভারতের সনাতনী ঐতিহ্য প্রত্যক্ষ করছে"।
এদিন যোগীর মুখে উঠে আসে অযোধ্যার রাম মন্দিরের প্রসঙ্গও। তিনি অযোধ্যার রাম মন্দির নির্মাণকে ৫০০ বছরের অপেক্ষার অবসান বলে উল্লেখ করেন। একই সাথে এই মন্দিরের নির্মাণকে সনাতনী ঐতিহ্যের 'জয়' হিসেবে ব্যাখ্যা করেন।
যোগী পরিসংখ্যানের মাধ্যমে দেখিয়েছেন যে, অযোধ্যায় দর্শনার্থীদের সংখ্যা ২০১৬ সালে ২.৩৬ লক্ষ থেকে ২০২৪ সালে ১০-১২ কোটিতে পৌঁছেছে, যা রাম মন্দিরের প্রতি জনগণের ভক্তি এবং উৎসাহের প্রতিফলন।
এদিন সনাতন ধর্ম কে 'বটবৃক্ষ'-এর সাথে তুলনা করতে গিয়ে যোগী বলেন, "এই 'বটবৃক্ষ' শব্দটি সনাতন ধর্মের গভীর শিকড় ও স্থায়িত্বের প্রতীক। এটি দীর্ঘজীবী, ছায়াদানকারী এবং সমস্ত জীবকে আশ্রয় দেওয়ার ক্ষমতা রাখে"।
যোগী আদিত্যনাথ মহাকুম্ভকে একদিকে ঐতিহ্যের প্রতীক এবং অন্যদিকে আধুনিক ব্যবস্থাপনার উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। যোগীর কথায়, "মহাকুম্ভ ধর্মীয় বিশ্বাস এবং আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু। প্রযুক্তি এবং প্রশাসনিক দক্ষতার সাহায্যে বিশাল ভক্তদের সমাগমকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা হচ্ছে এখানে। সনাতন ধর্মের জন্যেই এত ব্যবস্থাপনা। আর সনাতনীরাই দলে দলে এসে যোগ হচ্ছেন এই মহান মিলনক্ষেত্রে"।
যোগী আদিত্যনাথ সনাতন ধর্মের গভীরতা এবং ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের শক্তিশালী প্রচারক হিসেবে তাঁর অবস্থানকে তুলে ধরে। মহাকুম্ভ এবং রাম মন্দিরকে ঘিরে তার মন্তব্যগুলি শুধু ধর্মীয় নয়, রাজনৈতিক ভাবেও প্রাসঙ্গিক। যা দিয়ে এদিন জনগণের সঙ্গে বিজেপির যোগাযোগ আরও দৃঢ় হল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যার ফল হইত আগামীদিনে পাবেন যোগী আদিত্যনাথ।












Click it and Unblock the Notifications