ফের দেশে করোনা নিয়ে রাজনীতি! সংক্রমণ ছড়িয়ে পড়া নিয়ে তবলিঘি জামাতকে দোষারোপ যোগীর
ভারতে করোনার এতটা প্রকোপের পিছনে মূল কারণ তবলিঘি জামাত। ফের করোনা নিয়ে সরব হয়ে মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন যোগী আদিত্যনাথ এই বিষয়ে বলতে গিয়ে অভিযোগ করেন যে তবলিঘির কাণ্ডের আগে দেশে করোনার এই অতিরিক্ত প্রকোপ আগে ছিল না।

উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রীর বক্তব্য
উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী এদিন বলেন, 'তবলিঘি জামাতরাই মূল কেরিয়ার হিসেবে করোনা সংক্রমণ ছড়িয়েছে গোটা দেশে। তবলিঘি জামাতরা যে কাজ করেছে, তা অপরাধের সামিল। তাদের শাস্তি দেওয়া উচিত। উত্তরপ্রদেশে এই সংগঠনের সঙ্গে যুক্ত ৩০০০ জন মানুষ রয়েছেন, এদের প্রত্যেকের কি অবস্থা, এদের থেকে সংক্রমণ ছড়াচ্ছে কীনা, তা কেউ জানে না।'

নিজামউদ্দিনের ঘটনা
প্রসঙ্গত, গত ১ থেকে ১৫ মার্চের মধ্যে দিল্লির ওই মসজিদে কয়েক হাজার মানুষের সমাগম হয়েছিল। দিল্লিতে ওই মসজিদে শুধু ভারত নয়, সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কিরগিজিস্তান থেকেও বিভিন্ন মানুষজন এসে ওই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। সেখান থেকেই ব্যাপক হারে মারণ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে খবর। সংক্রমণের ঘটনায় দিল্লির ওই মসজিদের মওলানার বিরুদ্ধে পুলিশকে এফআইআর দায়ের করার নির্দেশ দেয় কেজরিওয়াল সরকার।

নিজামউদ্দিন কাণ্ড নিয়ে কেন্দ্রের মন্তব্য
কেন্দ্রীয় রিপোর্ট বলছে, নিজামউদ্দিন মসজিদের বিপুল জমায়েতের কারণেই দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা প্রচুর বাড়বে।তাই নিজামুদ্দিনের ওই সমাবেশ দেশের করোনা মহামারির এপিসেন্টার হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করেন চিকিৎসকরা।

প্লাজমা দিতে সম্মত তবলিঘি সদস্যরা
এরই মধ্যে অবশ্য ধর্মের ঊর্ধ্বে উঠে প্লাজমা দিতে সম্মত হয়েছেন সুস্থ হয়ে ওঠা তবলিঘি জামাত সদস্যরা। সোমবার থেকেই শুরু হয়ে গিয়েছে তবলিঘি জামাতের ২০০ জন সদস্যের প্লাজমা সংগ্রহের কাজ। সুলতানপুরী এবং নারেলার দুটি কোভিড কেয়ার সেন্টারে শুরু হয়েছে এই কাজ।

দেশের করোনা পরিস্থিতি
এদিকে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৭,০০০ ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও রেকর্ড ২৮০০ জনের শরীরে ধরা পড়েছে করোনা সংক্রমণ। এরই মধ্যে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১২২৬-এ দাঁড়াল। করোনার সংক্রমণে দেশে সবথেকে বেশি বিধ্বস্ত হয়েছে মহারাষ্ট্র। শুধুমাত্র সেই রাজ্যেই করোনায় আক্রান্তের সংখ্য়া ছাড়িয়েছে দশ হাজার, মারা গিয়েছেন ৪৫৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৭৭৩ জন।












Click it and Unblock the Notifications