নিম্নচাপের ভ্রুকুটি, কেরলের আট জেলায় জারি হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির পূর্বাভাস
কেরলের আট জেলায় জারি হলুদ সতর্কতা
ভারত থেকে আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় নিলেও এখনও নিম্নচাপের চোখ রাঙানি শেষ হয়নি। সমুদ্র ক্রমশ উষ্ণ হওয়ায় দ্রুত নিম্নচাপ সৃষ্টি করছে আরব কিংবা বঙ্গোপসাগরে। যার জেরে প্রবল বৃষ্টি হচ্ছে দেশের সর্বত্র। উত্তর-পূর্ব মৌসুমী বায়ু সক্রিয় হয়ে উঠেছে কেরলে। আর সেই নিম্নচাপের জেরে মঙ্গলবার কেরলের আটটি জেলায় ভারী বৃষ্টি সহ হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুধু তাই নয়, কেরল সরকারের পক্ষ থেকে চারটে জেলায় স্কুল বন্ধ করে রাখতে বলা হয়েছে।

৮ জেলায় হলুদ সতর্কতা
আইএমডি কেরলের কোট্টায়াম, এর্নাকুলাম, কোঝিকোড়ে, ইড্ডুকি, ত্রিশূর, মাল্লাপূরম, কান্নুর, কাসারগড়ে এলাকায় জারি করেছে হলুদ সতর্কতা। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, ঘরে থাকতে নির্দেশ দিয়েছেন ওই এলাকার বাসিন্দাদের। মঙ্গলবার ও বুধবার সমস্ত স্কুল ও কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে।

৪ জেলায় বন্ধ স্কুল
মঙ্গলবার কোট্টায়াম, কোল্লাম, পাথামাথিট্টু, অলপ্পুজা জেলায় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাখার নির্দেশ দিয়েছে। কেরল ও এমজি বিশ্ববিদ্যালয় মঙ্গলবারে হওয়া সব পরীক্ষা বাতিল করে দিয়েছে বলে জানা গিয়েছে।

গোটা সপ্তাহ জুড়ে কেরলে বৃষ্টি
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, গোটা সপ্তাহ জুড়েই কেরলে বৃষ্টি চলবে। বাসিন্দাদের তাই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সপ্তাহজুড়ে চলা বৃষ্টিপাত রাজ্যের একাধিক অংশ প্লাবিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কেরলের উঁচুর দিকের জেলা কুট্টানাডের একাধিক অংশ জলমগ্ন হয়ে পড়তে পারে। গত সপ্তাহেই অবিশ্রান্ত বৃষ্টিতে পৃথক পৃথক বৃষ্টি-সংক্রান্ত ঘটনায় কেরলে দুই শিশুর মৃত্যু হয়েছে। এর আগেও কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ধস ও বন্যা হোয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন। প্রশাসনকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

কমলা সতর্কতা জারি ছিল
গত কয়েকদিন ধরে তামিলনাড়ুতে চলছে প্রবল বর্ষণ। এর আগেই কেন্দ্রীয় আবহাওয়া দফতর ১৩ নভেম্বর এবং ১৪ নভেম্বর কেরলের একাধিক জেলায় বর্ষণের সতর্কতা জারি করেছিল। তার জন্য পরিস্থিতি মোকাবিলায় আগে থেকেই সতর্ক করেছিল কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। জেলা গুলিকে সতর্ক করা হয়েছিল। জানা গিয়েছে, তামিলনাড়ু থেকে সরে নিম্নচাপের বৃষ্টি কেরলে উপস্থিত হয়েছে। ১৩ নভেম্বর কেরলেন ৬ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়। আর ১৪ নভেম্বর ৫ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছিল।












Click it and Unblock the Notifications