‘ভুল তথ্য ছড়িয়েছে’, জাস্টিস যশবন্ত ভার্মার মামলায় সুপ্রিম কোর্টের অবাক পর্যবেক্ষণ! ক্ষুব্ধ বার অ্যাসোসিয়েশন
বিচারপতি যশবন্ত ভার্মার সরকারি বাসভবন থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারকে কেন্দ্র করে ক্রমবর্ধমান বিতর্কে এবার নতুন মোড়। এলাহাবাদ হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে, যেখানে বিচারপতি ভার্মাকে পুনরায় এলাহাবাদ হাইকোর্টে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
বার অ্যাসোসিয়েশন এক্ষেত্রে ক্ষোভ উগড়ে দিয়ে বলেছে, "এলাহাবাদ হাইকোর্ট কি আবর্জনার পাত্র?" যা নিয়েও সরগরম এই মামলা। এদিন, এলাহাবাদ হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন একটি কড়া বিবৃতিতে জানায় - "এই সিদ্ধান্তে আমরা বিস্মিত। এলাহাবাদ হাইকোর্ট কি আবর্জনার ডাস্টবিন? এতদিন ধরে এখানে নতুন বিচারক নিয়োগ হয়নি, অথচ বিতর্কিত বিচারকদের ফেরানো হচ্ছে"।

এছাড়া, বার অ্যাসোসিয়েশন অভিযোগ করেছে যে কলেজিয়ামের বিচারক নিয়োগের প্রক্রিয়া নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে এবং দুর্নীতির আশঙ্কাও রয়েছে। তাই এই বিষয়টির আরও পুঙ্খনাপুঙ্খ তদন্ত হওয়া প্রয়োজন। তবেই মিলবে সঠিক পথ।
উল্লেখ্য, হোলির সময় ১৪ মার্চ, বিচারপতি ভার্মার দিল্লির সরকারি বাসভবনে আগুন লাগে। দমকলকর্মীরা আগুন নেভাতে গিয়ে প্রায় ১৫ কোটি টাকা নগদ উদ্ধার করে। এরপরই পুলিশ ও সুপ্রিম কোর্টে বিষয়টি জানানো হয়।
এরপর, সুপ্রিম কোর্ট তাৎক্ষণিক সিদ্ধান্তে বিচারপতি ভার্মাকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করার নির্দেশ দেয়। কিন্তু বার অ্যাসোসিয়েশন বলছে, তদন্ত সম্পূর্ণ হওয়ার আগেই এই সিদ্ধান্ত যথাযথ নয়। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তেই কার্যত ক্ষুব্ধ বার অ্যাসোসিয়েশন।
এদিকে, সুপ্রিম কোর্ট এই প্রসঙ্গে জানিয়েছে, "বিচারপতি ভার্মার বদলি ও তদন্ত দুটি পৃথক বিষয়। তাঁর বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। দিল্লি হাইকোর্ট ইতিমধ্যেই অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে এই মামলায়"। হাইকোর্টের প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় তদন্ত রিপোর্ট ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে জমা দেবেন বলে জানা গিয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, "পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে"।
মনে করা হচ্ছে, সংবিধানের ১২৪(৪) অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ বিচারপতি ভার্মাকে পরবর্তীতে অপসারণ করতে পারে। ২০ মার্চ কলেজিয়ামের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বার অ্যাসোসিয়েশন ইতিমধ্যে সাধারণ সভার ডাক দিয়েছে এই সংক্রান্ত বিষয়ে। স্বাভাবিক ভাবেই এখন সকলের নজর সুপ্রিম কোর্টের পরবর্তী পদক্ষেপের দিকে!












Click it and Unblock the Notifications